চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হলে সার্বক্ষণিক তদারকির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ জন্য বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের সমন্বয়ে দুটি পরিদর্শক দল গঠন করা হয়েছে।এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয়পত্র সঙ্গে রাখার এবং হলে অবৈধভাবে অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়েছে। হলে বহিরাগত ব্যক্তিদের অবস্থানের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে চারুকলা ইনস্টিটিউটে এই সভা হয়।বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও প্রক্টর নাসিম হাসান এসব সিদ্ধান্ত গ্রহণের বিষয় নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার যেকোনো অপপ্রয়াস কঠোরভাবে দমন করা হবে।সভা সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক খান তৌহিদ ওসমান ও পরিসংখ্যান বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক মণীন্দ্র কুমার রায়ের নেতৃত্বে দুটি পরিদর্শক কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে ছয়জন করে সদস্য রয়েছেন।সভায় শাহজালাল হলের ঘটনায় মৃত্তিকাবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক খান তৌহিদ ওসমানকে প্রধান করে একটি এবং গত ২৩ অক্টোবর ছাত্রলীগের হামলায় এক ছাত্র আহত হওয়ার ঘটনায় ইতিহাস বিভাগের শিক্ষক মাহবুবুল হককে প্রধান করে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে শাহজালাল হলে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ হলে অভিযান চালিয়ে শিবিরের ৩২ জন নেতা-কর্মী ও সমর্থককে আটক করে।এদিকে, আটক নেতা-কর্মীদের মুক্তিসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। গতকাল চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সালাহউদ্দিন কাদের চৌধুরী।