আবাসিক হোটেলে অসুস্থ সাংবাদিকের হাসপাতালে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নবাবপুরের একটি আবাসিক হোটেলে অসুস্থ হয়ে পড়া ঝালকাঠির সাংবাদিক মনিরুজ্জামান (৪৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তির পর বেলা তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।
মনিরুজ্জামান বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভি ও ভোরের কাগজ-এর ঝালকাঠি প্রতিনিধি ছিলেন।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান জানান, গত শনিবার রাতে নবাবপুরের সাদমান ইন্টারন্যাশনাল নামের আবাসিক হোটেলের ৬০৩ নম্বর কক্ষে ওঠেন মনিরুজ্জামান। গতকাল বেলা দুইটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ওই হোটেলের কর্মীরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর পর মনিরুজ্জামানের ভগ্নিপতি ইদ্রিস আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন। ইদ্রিস আলম সাংবাদিকদের বলেন, গতকাল দুপুর ১২টার দিকে মনিরুজ্জামান মুঠোফোনে তাঁকে জানান যে তিনি অসুস্থ। তখন তিনি ভালোভাবে কথাও বলতে পারছিলেন না।
মনিরুজ্জামানের পূর্বপরিচিত পটুয়াখালীর সাংবাদিক হারুন অর রশিদও একই হোটেলের ৭০১ নম্বর কক্ষে উঠেছিলেন। তিনি জানান, হোটেলের কর্মচারীদের মাধ্যমে অসুস্থতার খবর পেয়ে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তিনি মনিরুজ্জামানের কক্ষে যান। তিনি একপর্যায়ে তাঁকে হাসপাতালে ভর্তি হতে বললেও মনিরুজ্জামান আপত্তি জানিয়ে বলেন, তিনি সুস্থ হয়ে উঠছেন। এরপর তিনি ওই কক্ষ থেকে বেরিয়ে নিজের কাজে যান।
পুলিশ জানায়, বেলা দুইটার দিকে মনিরুজ্জামানকে ওই আবাসিক হোটেলের কর্মচারী আনিস ও সোহেল হাসপাতালে নিয়ে যান। ওই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।