আবাসিক হোটেলে আগুন লেগে দুজন জীবন্ত দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার সিদ্দিকবাজারে একটি আবাসিক হোটেলে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আগুন লেগে জীবন্ত দগ্ধ হেয়ছেন দুজন বোর্ডার। তাঁরা হলেন সাইজউদ্দিন (৩৫) ও সুলতান আহমেদ (৫৫)। বংশাল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ১৪৮ সিদ্দিকবাজারের নিচতলায় দোকান এবং কাঠের পাটাতন ও টিনের চালের দোতলায় বাংলাদেশ মুসলিম আবাসিক হোটেল। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই হোটেলে আগুন ধরে যায়। একপর্যায়ে আগুন পুরো হোটেলে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় বোর্ডার সাইজউদ্দিন ও সুলতান দগ্ধ হয়ে মারা যান। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে ফোন করে আগুন লাগার বিষয়টি জানান। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের দুটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলে। পরে পুলিশ হোটেলকক্ষে ঢুকে সাইজউদ্দিন ও সুলতানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা নাজমা আক্তার জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তিনি জানান, ওই হোটেলের দৈর্ঘ্য ৫০ ফুট ও প্রস্থ ৪৫ ফুট। এর মেঝে কাঠের। আগুনে হোটেলের ঘর পুড়ে গেছে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস বলেন, আগুন লাগার সময় ওই আবাসিক হোটেলে ব্যবস্থাপক, কর্মচারী ও পাঁচজন বোর্ডার ছিলেন। আগুন লাগার পর অন্যরা জীবন বাঁচাতে দ্রুত নিচে নেমে এলেও ওই দুই বোর্ডার নামতে পারেননি। একপর্যায়ে সাইজউদ্দিন ও সুলতান নামের ওই দুই বোর্ডার ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় বংশাল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বংশাল থানার পুলিশ জানায়, সুরিটোলার বাসিন্দা সাইজউদ্দিন ও লালবাগের বাসিন্দা সুলতান দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। তাঁরা ওই আবাসিক হোটেলে থাকতেন। আগুনে হোটেলের নিবন্ধন খাতা পুড়ে যাওয়ায় তাঁদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাঁদের লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে আছে। বিকেল পর্যন্ত তাঁদের লাশ নিতে কেউ মর্গে আসেনি।