আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের এক আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যা সাড়ে নয়টায় পুলিশ বগুড়া শহরের বড়গোলায় হোটেল পার্কের ৪০২ নম্বর কক্ষের তালা ভেঙে ওই যুবকের লাশ উদ্ধার করে। তাকে হত্যা করা হয়েছে নাকি ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।সদর থানার পুলিশ জানায়, বগুড়া শহরের মালতীনগর বকশিবাজার এলাকার আফজাল হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন (৩১) গত রোববার শহরের বড়গোলায় হোটেল পার্কের ৪০২ নম্বর কক্ষ ভাড়া নেন। সোমবার সারা দিন ওই কক্ষটি বন্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। বিকেলের পর থেকে ওই যুবকের কোনো সাড়া না পেয়ে পুলিশকে রাত নয়টায় খবর দিলে পুলিশ হোটেলে গিয়ে তালা ভেঙে ওই যুবকের লাশ উদ্ধার করে। বগুড়া সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, লাশের পাশ থেকে একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে তোফাজ্জল হোসেন উল্লেখ করেছেন তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। বেকারত্বের কারণে সাত-আট মাস আগে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যায়। তাঁর কক্ষ থেকে ঘুমের ট্যাবলেটের বেশ কয়েকটি পাতা উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।