হরতাল-অবরোধে গত দুই মাসে চট্টগ্রামের আবাসিক হোটেল ব্যবসায় ধস নেমেছে। রাজনৈতিক অস্থিরতার কারণে বাণিজ্যনগরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের দেশি-বিদেশি অতিথি কমে যাওয়ায় এই মন্দাভাব দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, টানা হরতাল-অবরোধের কারণে পোশাকশিল্প, বায়িং হাউস, বেসরকারি উন্নয়ন সংস্থা, আমদানি-রপ্তানি বাণিজ্যসংশ্লিষ্ট অতিথি আশঙ্কাজনক হারে কমে গেছে। একই সঙ্গে কমেছে ব্যবসাসংশ্লিষ্ট বিভিন্ন সভা, সমিতি ও সেমিনার। যার ফলে হোটেল ব্যবসায় মন্দাভাব দেখা দেয়।
নগরের তারকাচিহ্নিত হোটেল পেনিনসুলায় প্রতিদিনই উল্লেখযোগ্য হারে বুকিং বাতিল হচ্ছে বলে জানা গেছে। বিদেশি অতিথিরা না আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
পেনিনসুলার ফুড অ্যান্ড বেভারেজ ব্যবস্থাপক মো. আক্কাস উদ্দিন বলেন, ‘আমাদের হোটেল বিদেশি অতিথিনির্ভর। গার্মেন্টস, বায়িং হাউসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিদেশি অতিথি এখন আসছেন না। প্রতিদিন ১০-১৫টি বুকিং বাতিল হচ্ছে। এ অবস্থায় স্টাফদের বেতন দেওয়া দুষ্কর হয়ে পড়েছে।’
জানা গেছে, ১২ ডিসেম্বর থেকে পেনিনসুলা হোটেলে তিন দিনের টুরিজম ফেয়ার ছিল। হরতাল ও অবরোধের কারণে সেটিও বাতিল হয়েছে। আবাসিক অতিথি ছাড়াও প্রতিদিন দুপুর ও রাতের খাবারের অতিথিও কমে গেছে বলে জানা গেছে।
তারকাচিহ্নিত হোটেল আগ্রাবাদের বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক শাহীন মোহাম্মদ নওশাদ বলেন, ‘হরতাল-অবরোধের প্রভাব প্রতিটি সেক্টরে পড়েছে। এখন গার্মেন্টস কিংবা ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত সভা, সেমিনার ও অতিথি কমে গেছে। কমে গেছে পর্যটকও। তাই আমাদের ব্যবসা ৫০ শতাংশেরও বেশি কমে গেছে।’
দুই মাস ধরে সামাজিক কোনো অনুষ্ঠান হোটেলগুলো পাচ্ছে না বলে জানা গেছে। ব্যবসাসংক্রান্ত অনুষ্ঠানও নেই বললে চলে। অস্থিরতার কারণে নতুন করে বিদেশি অতিথিরা এখন এখানে আসতে চাইছেন না বলেও জানান নওশাদ। তিনি বলেন, নতুন করে তাঁরা কোনো সফরসূচি নিচ্ছেন না। ফলে হোটেল বুকিংও বন্ধ।
শুধু বড় হোটেল নয়, মাঝারি মানের আবাসিক হোটেলগুলোও হরতাল-অবরোধে ধুঁকছে। চট্টগ্রাম বাণিজ্যনগর হিসেবে প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষ অন্যান্য জেলা থেকে এখানে আসেন। তাঁরা মাঝারি মানের আবাসিক হোটেলগুলোর প্রধান গ্রাহক। কিন্তু এখন তাঁদের আসাও বন্ধ রয়েছে।
নগরের জুবিলি রোডের টাওয়ার ইন হোটেলের বিপণন ব্যবস্থাপক মো. শাহেদুনবী বলেন, ‘গত এক মাসে আমার তিনটি বেসরকারি উন্নয়ন সংস্থার, দুটি গার্মেন্টসের এবং বিসিবির বুকিং বাতিল হয়েছে। বিদেশি অতিথির পাশাপাশি দেশি গ্রাহকও কমে গেছে। ব্যবসা-বাণিজ্য ৩০ শতাংশ কমে গেছে।’