আবাসিক হোটেলে অভিযান যৌনকর্মীসহ ১২ জন গ্রেপ্তার
গাজীপুর শহরের জয়দেবপুর থানা থেকে মাত্র ২০০ গজ দূরে গতকাল শুক্রবার সকালে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযান চালিয়ে হোটেলের ব্যবস্থাপক, খদ্দের ও যৌনকর্মীসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদে খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ গতকাল শুক্রবার সকালে গাজীপুর শহরের প্রাণকেন্দ্র জয়দেবপুর বাজার এবং গাজীপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসসংলগ্ন থানা থেকে মাত্র ২০০ গজ দূরে অবস্থিত আবাসিক হোটেল এলিজাতে অভিযান চালায়। হোটেল থেকে হোটেলের ব্যবস্থাপক গাজীপুর সদরের আদাবর গ্রামের ছায়েদ আলীর ছেলে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে। হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি চালিয়ে খদ্দের আক্তার হোসেন, ফারুক, অনিল, সরাফত, ওবায়দুলকে ছয় যৌনকর্মীসহ পুলিশ গ্রেপ্তার করে।এলাকাবাসী অভিযোগ করে বলেন, জয়দেবপুর বাজারের আবাসিক হোটেল এলিজাসহ চান্দনা চৌরাস্তার একাধিক আবাসিক হোটেলে দিনরাত অসামাজিক কার্যকলাপ চলে আসছে। পুলিশ মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেও কয়েক দিন পরে তা আগের মতো কার্যক্রম চলতে থাকে। এলাকার লোকজন হোটেলে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় হোটেল কর্তৃপক্ষ তাদের নানাভাবে হয়রানি ও নাজেহাল করার চেষ্টা করে। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।