আবাসিক হোটেলে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফকিরেরপুলের একটি আবাসিক হোটেলে গতকাল বৃহস্পতিবার রাতে আবদুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল রাত সাড়ে আটটার দিকে উপবন নামের ওই আবাসিক হোটেল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক বলেছেন, অতিরিক্ত অ্যালকোহল পানে তাঁর মৃত্যু হয়েছে। তিনি সিলেট থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক বলে তাঁর কাছে থাকা পরিচয়পত্র দেখে জানা গেছে। উপবন হোটেলের ব্যবস্থাপক ফয়েজ আকমল প্রথম আলোকে বলেন, ২১ জুন আবদুর রাজ্জাক হোটেলের ৭০১ নম্বর কক্ষে ওঠেন। গতকাল রাত পৌনে আটটার দিকে তিনি মুঠোফোনে তাঁর শরীরের অসুস্থতার কথা জানিয়ে তাঁকে হাসপাতালে নিতে বলেন। এরপর প্রথমে তাঁকে নগরের হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফয়েজ দাবি করেন, মৃত রাজ্জাক উপবন হোটেলের মালিক মেসবাহউদ্দিনের বন্ধু। তাঁর বাসা সিলেট শহরের নগর রোডের কাজলচাঁদ এলাকায়। সিলেট থেকে ঢাকায় এসে তিনি উপবন হোটেলে উঠতেন।