আবাসিকে এলপি গ্যাসেই সমাধান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনারগাঁয়ের আনন্দবাজার-বারদী সড়কের ছনপাড়ায় সোমবার অবৈধ সংযোগের জন্য পাইপ বসানো শুরু হয় l প্রথম আলো।
সোনারগাঁয়ের আনন্দবাজার-বারদী সড়কের ছনপাড়ায় সোমবার অবৈধ সংযোগের জন্য পাইপ বসানো শুরু হয় l প্রথম আলো।
বুধবার তিতাস কর্তৃপক্ষ ওই পাইপ অপসারণ করে। একই এলাকায় অবৈধ সংযোগ টানার জন্য গর্ত খুঁড়ে রাখা হয়েছে। মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো
বুধবার তিতাস কর্তৃপক্ষ ওই পাইপ অপসারণ করে। একই এলাকায় অবৈধ সংযোগ টানার জন্য গর্ত খুঁড়ে রাখা হয়েছে। মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো

সরকার আবারও বাসাবাড়িতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ করে দিয়েছে। সরকার নীতি নিয়েছে আবাসিক খাতে নতুন করে আর গ্যাস-সংযোগ না দেওয়ার। বিকল্প হিসেবে এই খাতে এলপি গ্যাসের (তরল পেট্রোলিয়াম গ্যাস) ব্যবহার বাড়ানো হবে।
অন্যদিকে, ২০০৯ সালের জুন মাস থেকে বন্ধ করে রাখা শিল্পকারখানায় নতুন গ্যাস-সংযোগ কার্যত এখনো বন্ধই আছে। একটি উচ্চপর্যায়ের কমিটি মাঝেমধ্যে সভা করে জরুরি প্রয়োজন বিবেচনায় কিছু কিছু শিল্পে সংযোগ দেওয়ার সিদ্ধান্ত দিচ্ছে। তাতে এখন পর্যন্ত ৮০০ শিল্পে নতুন সংযোগ ও ব্যবহারের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানায়, আবাসিক খাতে যাঁরা ইতিমধ্যে পাইপলাইনে গ্যাস ব্যবহার করছেন, তাঁদেরও সংকটকালে এলপি গ্যাস ব্যবহারে উৎসাহিত করা হবে। অর্থাৎ আবাসিক খাতের গ্যাস-সংকট নিরসনে সরকার আর বেশি দিন মনোযোগ না-ও দিতে পারে।
তবে আবাসিক খাতের বিকল্প জ্বালানি হিসেবে এলপি গ্যাসের ব্যবহার বাড়ানোর যে পরিকল্পনা ও উদ্যোগ সরকার নিয়েছিল, তার বাস্তবায়ন কমই হয়েছে। দেশে এলপি গ্যাসের চাহিদা বাড়লেও সে অনুপাতে সরবরাহ বাড়ছে না। তাই এখন পর্যন্ত এলপি গ্যাস সহজলভ্য নয়। দামও অস্থিতিশীল।
গোপনে সংযোগ বন্ধ: সরকার আবাসিক খাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সভায় সংযোগ বন্ধের বিষয়টি অনুমোদন করা হয়। তবে এবার সংযোগ বন্ধের ব্যাপারে কোনো সরকারি আদেশ জারি করা হয়নি। শুধু বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বাসাবাড়িতে আর কোনো নতুন সংযোগ না দিতে।
কিন্তু নতুন গ্যাস-সংযোগের জন্য প্রতিদিনই গ্রাহকেরা আসছেন। তাঁদের একেক কোম্পানি একেক কথা বলে আবেদনপত্র ফিরিয়ে দিচ্ছে বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিতরণ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা প্রথম আলোকে বলেছেন, তাঁদের ধারণা, আবাসিক গ্রাহকদের আর কোনো নতুন গ্যাস-সংযোগ সরকার দেবে না।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, সরকার আবাসিক খাতে এলপি গ্যাসের ব্যবহার উৎসাহিত করতে চায়। এ জন্য দেশের সর্বত্র এলপি গ্যাস সহজলভ্য করা এবং দামের স্থিতিশীলতার প্রতি নজর দেওয়া হচ্ছে। দেশে গ্যাসের মজুত ফুরিয়ে আসা এবং অর্থনৈতিক ব্যবহার বিবেচনায় আবাসিক খাতে পাইপলাইন গ্যাসের নতুন সংযোগ দেওয়ার সুযোগ ক্রমশই কমে আসছে।
এলপি গ্যাসের অবস্থা কী: আবাসিক খাতে এলপি গ্যাসের ব্যবহার বাড়াতে সরকার ২০১১-১২ সালের বাজেটে একটি পথনকশা দিয়েছিল। তাতে বেসরকারি খাতের পাশাপাশি সরকারি খাতেও ১০০ মেট্রিক টন করে দুটি এলপি গ্যাস সিলিন্ডারজাত করার কারখানা প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। একটি মংলায়, অন্যটি চট্টগ্রামের কুমিরায়। সরকারি হিসাবে ওই সময় দেশে এলপি গ্যাসের বার্ষিক চাহিদা ছিল ৩ লাখ মেট্রিক টন। বর্তমানে তা বেড়ে প্রায় ৪ লাখ মেট্রিক টন হয়েছে। এই সময়ের মধ্যে বেসরকারি খাতে আমদানি বাড়লেও সরকারি খাতে উল্লিখিত দুটি কারখানা প্রতিষ্ঠিত হয়নি।
সরকারি-বেসরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে এলপি গ্যাস আমদানি হচ্ছে বছরে প্রায় ১ লাখ ৬০ হাজার টন। এ ছাড়া, সিলেট অঞ্চলের কয়েকটি গ্যাসক্ষেত্র থেকে পাওয়া উপজাত ব্যবহার করে সরকারি কারখানায় তৈরি হয় প্রায় ২০ হাজার টন এলপি গ্যাস। অর্থাৎ প্রায় ৪ লাখ টন চাহিদার বিপরীতে দেশে এখন এলপি গ্যাসের সরবরাহ ১ লাখ ৮০ হাজার টনের মতো।
ঢাকাসহ দেশের শহর-বন্দরে স্থায়ীভাবে বসবাসকারী জনসংখ্যা প্রতিবছর বাড়ছে। বাড়ছে তাদের জ্বালানির চাহিদাও। এই অবস্থায় আবাসিক খাতে পাইপলাইন গ্যাস-সংযোগ বন্ধ করে দেওয়া এবং এলপি গ্যাস ব্যবহারের সরকারি পরিকল্পনা কতটা বাস্তবসম্মত, সে বিষয়ে অনেকেরই সন্দেহ রয়েছে।
জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ম তামিম বলেন, এটা রাতারাতি করার মতো বিষয় নয়। সরকার যদি এলপি গ্যাসকে আবাসিক খাতের বিকল্প জ্বালানি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, সে ক্ষেত্রে সবচেয়ে কার্যকর পন্থা হবে পাইপলাইন গ্যাস ও এলপি গ্যাসের মধ্যে দামের পার্থক্য কমিয়ে আনা। তিনি বলেন, যদি একটি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১৩০০ টাকা হয়, আর এক মাসের পাইপলাইন গ্যাসের দামও এর সমান হয়, তাহলে পাইপলাইন গ্যাসের জন্য গ্রাহকের হাহাকার থাকবে না। এর পাশাপাশি সরকারের পরিকল্পনা অনুযায়ী এলপি গ্যাস সহজলভ্য করা গেলে পাইপলাইন গ্যাসের প্রতি আগ্রহ কমবে। এমনকি, এলপি গ্যাসের ব্যবহার জনপ্রিয় করার জন্য পাইপলাইনের গ্যাসের দাম বাড়িয়ে সেই টাকা দিয়ে এলপি গ্যাস ব্যবহারকারীদের ভর্তুকিও দেওয়া যেতে পারে। এ ধরনের পদক্ষেপ কার্যকর হবে।
অবৈধ সংযোগ বহাল তবিয়তে: আবাসিক খাতে নতুন সংযোগ বন্ধ করা হলেও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে সরকারের আগ্রহ কম। ২০১০ সাল থেকে প্রায় তিন বছর আবাসিক গ্যাস-সংযোগ বন্ধ রাখা হয়েছিল। ২০১৩ সালের এপ্রিলে শর্ত সাপেক্ষে পুনরায় সংযোগ চালু করা হয়। তবে এখন পর্যন্ত লক্ষাধিক অবৈধ সংযোগ এবং প্রায় ৩০০ কিলোমিটার অবৈধ বিতরণ লাইন হয়েছে বলে বিতরণ কোম্পানিগুলোর সূত্রে জানা যায়।
বিতরণ কোম্পানিগুলোর সূত্র জানায়, ২০১৩ সালের এপ্রিলে আবাসিক গ্রাহকদের সংযোগ চালু করার পর থেকে এখন পর্যন্ত অধিকাংশ অবৈধ সংযোগ বৈধ করা হয়েছে। তবে যেখানে অবৈধভাবে বিতরণ লাইন তৈরি করে সংযোগ নেওয়া হয়েছে, সেগুলো বৈধ করা হয়নি। এসব অবৈধ সংযোগ থেকে সরকার গ্যাসের দাম পাচ্ছে না। স্থানীয়ভাবে মাস্তান ও প্রভাবশালীরা প্রতি মাসে গ্রাহকদের কাছ থেকে বিল তুলে নিচ্ছে।
বিশেষ প্রক্রিয়ায় শিল্পে সংযোগ: দেশে প্রায় সাড়ে ছয় বছর ধরে শিল্পেও স্বাভাবিক প্রক্রিয়ায় গ্যাস-সংযোগ দেওয়া হচ্ছে না। সরকার ২০০৯ সালের ২১ জুলাই থেকে শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের এবং ২০১০ সালের ১৩ জুলাই থেকে আবাসিক গ্রাহকদের নতুন গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ ঘোষণা করে।
এরপর ২০১৩ সালের এপ্রিলে নতুন বিতরণ লাইন না করার শর্তে আবাসিক গ্রাহকদের জন্য নতুন সংযোগ উন্মুক্ত করা হলেও শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের জন্য তা করা হয়নি। এ ক্ষেত্রে সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছে। শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই কমিটি বিশেষ বিবেচনায় তাঁদের কাউকে কাউকে সংযোগ দিয়ে থাকে। কিন্তু এই কমিটির বিবেচনার জন্য এখনো বিভিন্ন বিতরণ কোম্পানির কাছে সহস্রাধিক শিল্পগ্রাহকের আবেদন অপেক্ষমাণ আছে বলে জানা গেছে।