আবাসিকের গ্যাস সংকট কাটানোর চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l বাসস
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l বাসস

শীতকালে আবাসিক এলাকায় গ্যাস-সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা সমাধানের চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আবাসিক খাতে গ্যাসের সমস্যা থাকবেই। আবাসিকের গ্যাস-গ্রাহকদের ধীরে ধীরে এলপিজিতে (সিলিন্ডার গ্যাস) চলে যাওয়ার পরামর্শ দেন তিনি।
গতকাল বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলুর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘শীতে গ্যাসের সংকট আছে। আমরা স্বীকার করছি, কিছু সমস্যা আছে। এই সমস্যা প্রতি শীতেই হয়। তবে আমরা বসে নেই। সংকট কাটানোর চেষ্টা করছি।’
প্রধানমন্ত্রী বলেন, শীতকালে সাধারণত গ্যাস জমে যায়, গ্যাসের চাপ (ফ্লো) কমে যায়। সে জন্য সব সময় শীতকালে গ্যাসের সমস্যা দেখা যায়। তিনি বলেন, তাঁরা সরকারে আসার পর গ্যাসের উৎপাদন অনেকটা বাড়িয়েছেন। তবে চাহিদাও বেড়ে যাচ্ছে। যথেষ্ট পদক্ষেপ নেওয়ার পরেও কিছু সমস্যা রয়েছে, তা স্বীকার করেন তিনি। আওয়ামী লীগ ছাড়া কেউ এদিকে খুব একটা দৃষ্টি দেয়নি অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, সমস্যার সমাধানের বিকল্প হিসেবে এলএনজি আমদানির ব্যবস্থা নিয়েছেন। ইতিমধ্যে এলএনজি টার্মিনাল নির্মাণ শুরু হয়েছে। এটা শেষ হলে এবং এলএনজি আমদানি করতে পারলে গ্যাসের সমস্যা অনেকটা দূর হবে বলে তিনি মনে করেন। এলপি গ্যাসের ওপর ট্যাক্স তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খোন্দকার বিজ্ঞান ভবন মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আবাসিক খাতে গ্যাসের যে সমস্যা, আমি আগেই বলেছি যে এ সমস্যা থাকবে। আমরা চাচ্ছি, আপনারা যাঁরা আবাসিক গ্যাস ব্যবহার করছেন, তাঁরা ধীরে ধীরে এলপিজিতে (সিলিন্ডার গ্যাস) চলে যান। কারণ, অ্যাপার্টমেন্টে এখন এটা ব্যবহার করে পাইপলাইনেও ব্যবস্থা করা যায়।’ তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো, শিল্প এলাকায় প্রথমে গ্যাস সরবরাহ করা। আমরা সেদিকে ধাবিত হচ্ছি। আমরা চাচ্ছি যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যেন হয়। সেখানে যেন গ্যাস পাওয়া যায়।’
আবাসিকের চেয়ে শিল্পকে বেশি গুরুত্ব দিচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ‘আমরা সেটা বলতে চাচ্ছি না। তবে পরিবর্তন হচ্ছে। পরিবর্তনটা কাজে লাগান। এলপিজি যেন সবার জন্য সাশ্রয়ী হয় এবং দাম যেন নিয়ন্ত্রণে থাকে; সরকার সে চেষ্টা করছে। আগামী তিন বছরে আমরা চাচ্ছি, আবাসিকের ৭০ শতাংশ যেন এলপিজিতে চলে।’