আবাসিকের বৈশিষ্ট্য হারাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকার বৈশিষ্ট্য হারাতে বসেছে। সেক্টরজুড়ে বাড়ছে বাণিজ্যিক কর্মকাণ্ড। ঘর থেকে বের হলেই চোখে পড়ে বাণিজ্যিক ভবন, আবাসিক হোটেল, শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্টুরেন্ট প্রভৃতি।
আবাসিক বাড়ি ভাড়া নিয়ে বিক্ষিপ্তভাবে গড়ে উঠেছে ২১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, ছয়টি বড় রেস্টুরেন্ট, আটটি আবাসিক হোটেল, একটি করে পার্টি সেন্টার ও বার। আবাসিক এলাকায় বাণিজ্যিক কর্মকাণ্ড বাড়তে থাকায় যানজটও বাড়ছে। চলতে-ফিরতে এলাকাবাসীর দুর্ভোগও বাড়ছে।
গত সোমবার এই সেক্টর ঘুরে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্টুরেন্ট ও আবাসিক হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সিটি করপোরেশনের অনুমতিসহ ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে গড়ে উঠেছে। রেস্টুরেন্টগুলো চলছে সিটি করপোরেশনের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে। আবাসিক হোটেল মালিকেরা বলছেন, রাজউকের অনুমোদন, জেলা প্রশাসকের লাইসেন্স ও সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স নিয়েছেন তাঁরা। কয়েকজন হোটেল মালিক জানান, রাজউকের মাধ্যমে তাঁরা আবাসিক ভবনকে অনাবাসিক করে বাণিজ্যিক ভবনের অনুমোদন পেয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে উত্তরা কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা রাজউক, ডিএনসিসিসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে জানিয়েছি। হোটেল থাকায় নানা রকম লোকজনের আনাগোনা বাড়ছে। হোটেলগুলোর আশপাশের বাড়ির মানুষের সমস্যাই বেশি। রাতবিরাতে গাড়ি আসে, হর্ন বাজায়। ঘুমের সমস্যা। মাঝেমধ্যে রাস্তাঘাটে বিয়ারের ক্যান পাওয়া যায়। তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। আর স্কুলগুলোর কারণে তো সকালে বেরই হওয়া যায় না। অফিসমুখো মানুষের ভোগান্তি বাড়ে। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সাংঘাতিক যানজট লেগে থাকে। চলাফেরায় আমাদের খুবই কষ্ট হয়।’
সমস্যাগুলো জানিয়ে গত সেপ্টেম্বরে উত্তরা কল্যাণ সমিতি সেক্টর ৪ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান বরাবর একটি আবেদনপত্র পাঠায়। পরে একই আবেদনের অনুলিপি পাঠানো হয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-২ রাজউক, উপপরিচালক (সম্পত্তি) রাজউক, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), জেলা প্রশাসক (উত্তরা বিভাগ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসক (ট্রাফিক) উত্তর। আবেদনপত্রে বলা হয়, ‘৪ নম্বর সেক্টর এলাকাটি নগর উন্নয়ন আইন-১৯৫৩ দ্বারা নিয়ন্ত্রিত না হলে বসবাস করা দুষ্কর হয়ে উঠবে।’ তাতে আরও উল্লেখ করা হয়, রাজউক অনুমোদিত প্লটে ইমারতের নকশা বদলে আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, বার ও বাড়তি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
হোটেলগুলো ঘুরে দেখা গেছে, অধিকাংশ হোটেলেই গাড়ি রাখার আলাদা জায়গা নেই। এলোমেলোভাবে রাস্তার ওপরেই গাড়ি রাখা হচ্ছে। স্থানীয় লোকজনের মাধ্যমে আরও জানা যায়, বার থাকায় মদ্যপান করে এলাকার তরুণদের নৈতিক অবক্ষয় ঘটছে। প্রায় রাতেই এলোমেলো গাড়ি চালিয়ে এলাকার মানুষকে ভীতসন্ত্রস্ত করে তুলছেন তাঁরা। রাস্তাঘাটে অশালীন আচরণ বৃদ্ধি পাচ্ছে।
১১ নম্বর রোডের বাসিন্দা আজহারুল ইসলাম বলেন, ‘আমার বাসার পাশেই দুটো আবাসিক হোটেল। সারা দিনই রাস্তাজুড়ে হোটেলের গাড়ি পার্ক করা থাকে। ঘর থেকে বেরোনো যায় না। দীর্ঘ যানজট লেগে থাকে। বিকট আওয়াজে গান বাজে। পার্টি চলে। হোটেলের যন্ত্রণায় অতিষ্ঠ।’
উত্তরা কল্যাণ সমিতি সেক্টর ৪-এর সূত্রে জানা গেছে, এর আয়তন প্রায় এক কোটি বর্গফুট। লোকসংখ্যা ৪০ হাজারের কাছাকাছি। দুটি অ্যাভিনিউ বাদে সেক্টরে মূল রাস্তা ২১টি। এর মধ্যে ১১টি মূল রাস্তা ও চারটি শাখা রাস্তাজুড়ে গড়ে উঠেছে এসব বাণিজ্যিক প্রতিষ্ঠান। এলাকার পরিধি ছোট হওয়া, যানজটসহ অন্যান্য সমস্যার প্রভাব পড়ছে আশপাশের অন্য সড়কে বসবাসকারী লোকজন ও পথচারীদের ওপর। বাণিজ্যিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর মধ্যে অস্বস্তির মাত্রা বাড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির সচিব নবীরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নতুন মেয়র দায়িত্ব নেওয়ার পর কোনো কিছুরই অনুমোদন দেওয়া হয়নি। এগুলো হয়তো অনেক আগের অনুমোদিত। প্রসঙ্গটা যেহেতু অনুমতি প্রদান নিয়ে, তাই অনুমতি যদি আইনসম্মতভাবে দেওয়া হয়ে থাকে, তাহলে তো আমাদের কিছুই করার থাকবে না। আর যদি আইনসম্মত উপায়ে না হয়, তাহলে সেগুলো বাতিল করা হবে। এগুলো আইনের পরিপন্থী হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
রাজউকের চেয়ারম্যান জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন, ‘রাজউকের উত্তরা প্রকল্পে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশেই শুধু বাণিজ্যিক অনুমোদন আছে। এ ছাড়া কয়েকটি অ্যাভিনিউকে বাণিজ্যিক করা আছে। এর বাইরে অন্য কোনো অ্যাভিনিউ বা রাস্তা, যেগুলো রাজউক অনুমোদিত নয়, সেগুলোর বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণ অবৈধ। রাজউকের পক্ষ থেকে কল্যাণ সমিতিকে জানানো হয়েছে, আমরা এগুলো চিহ্নিত করেছি। রাজউক ৪ নম্বর সেক্টরের আবাসিক ভবনগুলোর বাণিজ্যিক ব্যবহার সম্পর্কে জানে। খুব দ্রুতই আমরা অভিযান চালিয়ে এগুলো নিয়ন্ত্রণে আনব।’