আবিদ ও তাঁর দুই সহকর্মীর স্মরণে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লোজআপ ওয়ান তারকা ও তরুণ কণ্ঠশিল্পী আবিদ শাহরিয়ার এবং তাঁর দুই সহকর্মী মুত্তাকিন মাহমুদ ও কাজী আশিক মোস্তফার স্মরণে গতকাল রোববার আলোচনা সভার আয়োজন করে বিজ্ঞাপনী সংস্থা মাত্রা।আলোচনা সভার আগে রাজধানীতে মাত্রার নিজস্ব ভবনে দিনব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পর অনুষ্ঠিত সভায় অংশ নেন চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ সালাউদ্দিন জাকী, মাত্রার ব্যবস্থাপনা অংশীদার ও নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন, সংগীতশিল্পী সামিনা চৌধুরী, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম, মাত্রার অপর ব্যবস্থাপনা অংশীদার সানাউল আরেফীন প্রমুখ।গত বছরের ২৯ জুলাই কক্সবাজারে সৈকতসংলগ্ন সাগরে ডুবে মারা যান মাত্রার জ্যেষ্ঠ নির্বাহী আবিদ ও মুত্তাকিন এবং গ্রাফিক্স ডিজাইনার আশিক। তাঁদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাত্রা থেকে ডাচ্-বাংলা ব্যাংকের সৌজন্যে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট এলাকায় একটি অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়েছে। শুক্রবার নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ সৈকত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কক্সবাজারের জেলা প্রশাসক জয়নুল বারীর কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।মাত্রার সহকারী ব্যবস্থাপক সায়মা বেগম প্রথম আলোকে বলেন, ‘আবিদসহ আমাদের তিন সহকর্মীকে সাগর থেকে উদ্ধারের পর অ্যাম্বুলেন্সের অভাবে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। সম্ভব হলে হয়তো তাঁদের বাঁচানো যেত। সে জন্যই মাত্রার পক্ষ থেকে কক্সবাজার সৈকতে অ্যাম্বুলেন্সটি সরবরাহ করা হয়েছে।’