কলেজছাত্র আবির পুলিশের গুলিতে নিহত হয়েছে আট দিন আগে। তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। জানা গেছে, তাঁর মা-বাবা পুলিশের ভয়ে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন।আবিরের পারিবারিক সূত্র জানায়, ঘটনার পর স্বজনেরা পল্লবী থানার অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চেয়েছিলেন। কিন্তু পুলিশের ভয়ে তাঁরা পিছু হটেছেন। পরিবারের লোকজন জানান, আবিরের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলেও পুলিশ তাকে রাস্তা থেকে ধরে নিয়ে হত্যা করেছে।ইমতিয়াজ আবিরের বাবা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের উপমহাব্যবস্থাপক কাজী মো. গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, ‘আবিরকে হারিয়ে গোটা পরিবার খুব খারাপ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছি। যে চলে গেছে, তাকে আর ফিরে পাব না। এ নিয়ে পুলিশের বিরুদ্ধে মামলা করে নতুন করে আর ঝামেলায় পড়তে চাই না।’পল্লবীতে কলেজছাত্র হত্যা নিয়ে ১১ জানুয়ারি পত্রপত্রিকায় খবর প্রকাশিত হলে পুলিশ সদর দপ্তর থেকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরপর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ তদন্ত শুরু করেন। তিনি প্রথম আলোকে বলেন, আবিরকে দায়ী করে তিন-চার দিন আগে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আবিরের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকার কথা স্বীকার করে উপকমিশনার বলেন, সে উঠতি সন্ত্রাসী। এক প্রশ্নের জবাবে উপকমিশনার বলেন, আবিরের পরিবারকে পুলিশের পক্ষ থেকে ভয় দেখানোর কথা ঠিক নয়। তিনি আবিরের পরিবারকে নির্ভয়ে মামলা করার পরামর্শ দেন।১০ জানুয়ারি মধ্যরাতে পল্লবীর বাউনিয়া বাঁধের ই-ব্লকের বালুরমাঠে পল্লবী থানার পুলিশের গুলিতে আবির নিহত হয়। পরিবারের দাবি, পুলিশ তাকে রাস্তা থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে। পুলিশের দাবি, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবির নিহত হয়।আবির মোহাম্মদপুরের নর্দান কলেজের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল।