গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই
আবু আলম মো. শহীদ খান সভাপতি, মফিজুর রহমান সম্পাদক
সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম মো. শহীদ খানকে সভাপতি ও অধ্যাপক মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০১৬-১৮ সময়ের জন্য ৪১ সদস্যবিশিষ্ট এই নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে সংগঠনটির সপ্তম বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সহসভাপতি কাজী রওনক হোসেন, ফরিদা ইয়াসমিন, কাজী মোয়াজ্জেম হোসেন ও কামাল উদ্দিন; যুগ্ম সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা চৌধুরী, মীর মাসরুরুজ্জামান, গিয়াস উদ্দিন আহমেদ, সঞ্জীব চ্যাটার্জি ও আহমেদ পিপুল; সাংগঠনিক সম্পাদক মাহমুদ সালাহউদ্দিন চোধুরী; কোষাধ্যক্ষ তারিকুল ইসলাম; যোগাযোগ সম্পাদক আনোয়ারুল আজিম ও দপ্তর সম্পাদক হয়েছেন আসাদুজ্জামান।
সাধারণ সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদ্য সাবেক সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি সংগঠনটির প্রাতিষ্ঠানিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং পেশাগত উৎকর্ষ সাধনে সংগঠনটির আরও গুরুত্বপূর্ণ ভূমিকা আশা করেন।
অ্যাসোসিয়েশনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস ও সাংগঠনিক সম্পাদক আহমেদ পিপুল অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক সাখাওয়াত আলী খান, প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আবদুস সালাম, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।