চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু ইউসুফকে গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বিকেলে চট্টগ্রাম নগরে বায়তুল ফালাহ জাতীয় মসজিদ ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। আবু ইউসুফের জানাজায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট নাগরিক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। আবু ইউসুফ ১৯৭৩ সালে ৫ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি ১৯৯৬ সালের ২৬ আগস্ট থেকে ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সহ-উপাচার্যের দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারি উপাচার্য হিসেবে যোগ দেন তিনি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক: আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, আবু ইউসুফের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, চিফ হুইপ আব্দুস শহীদ, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী উপাচার্যের মৃত্যুতে শোক প্রকাশ করেন।