আবু জায়েদ শিকদারের জানাজা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু জায়েদ শিকদার
আবু জায়েদ শিকদার

ভাষাসৈনিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার আবু জায়েদ শিকদার গতকাল সোমবার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

আবু জায়েদ শিকদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।

আগামীকাল বুধবার (৪ জুলাই) বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিয়া’য় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

আবু জায়েদ শিকদার ১৯৩১ সালে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিষয়ে পড়াশোনা করেন তিনি। ১৯৫৭ সালে তিনি তৎকালীন ইউওটিসিতে (পরবর্তী সময়ে বিএনসিসি) যোগদান করেন। ১৯৮৭ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে লে. কর্নেল হিসেবে ১ রমনা ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

কলেজের শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষায় গণিতের একাধিক গ্রন্থ রয়েছে তাঁর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘প্রশাসনিক পরিভাষা কমিটির’ সদস্যসচিব এবং ‘বাংলাদেশ গণিত সমিতির’ পরিভাষা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মাতৃভাষা পদকেও ভূষিত হন তিনি।

আবু জায়েদ শিকদার স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।