আবু তাহের হত্যার বিচার চাইলেন মেয়ের সহপাঠীরাও
সিলেটে দুর্বৃত্তদের হাতে নিহত জালালাবাদ গ্যাসের সিবিএর নেতা আবু তাহেরের তিন সন্তানই শিক্ষার্থী। বড় মেয়ে আফরোজা আক্তার জাহান সিলেট এমসি কলেজে অনার্সে পড়ছেন। আর ছোট দুই ছেলে সিলেট মডেল স্কুলে যথাক্রমে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত। গতকাল শনিবার দুপুরে ‘পিতা হত্যার বিচার চাই’ ব্যানারে মানববন্ধন করে আফরোজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট এমসি কলেজের শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনের পর সমাবেশ অনুষ্ঠিত হয়।দুপুর সাড়ে ১২টায় এমসি কলেজ চত্বরে মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা একাত্ম হন। এক ঘণ্টার মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আকস্মিক এ হত্যাকাণ্ডে ওই পরিবারের শিক্ষার্থীদের শিক্ষাজীবন প্রায় ব্যাহত হতে চলেছে। শিক্ষার্থীরা ওই পরিবারের নিরাপত্তা দেওয়ারও দাবি জানান। সমাবেশে আফরোজার পরিবারের প্রতি সংহতি জানিয়ে সিলেট এমসি কলেজের শিক্ষার্থী সোহেল আহমদ, আকমল হোসেন, এম এ হাবীব, রশিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধন ও সমাবেশে এমসি কলেজের ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একাত্ম হয়। সিলেট নগর পুলিশের উপকমিশনার আহসান হাবীব গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আবু তাহের হত্যার ঘটনায় মামলা দায়েরের বিষয়টি চূড়ান্ত হয়েছে। পাশাপাশি দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশের তদন্তেরও অগ্রগতি হয়েছে। এখন দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টায় রয়েছে পুলিশ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাসা থেকে অফিসে যাওয়ার পথে নগরের ঝরনারপাড়ের কাছে প্রকাশ্যে খুন হন জালালাবাদ গ্যাসের সিবিএর সভাপতি আবু তাহের।