আবু নাসের হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবি
আংশিক নয়, পূর্ণাঙ্গভাবে খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল চালুর দাবি জানিয়েছে খুলনাবাসী। বহু প্রত্যাশিত এবং বর্তমান সরকারের প্রতিশ্রুত এ হাসপাতালের নির্ধারিত সব বিভাগ চালু করে উদ্বোধন করা না হলে এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত হবে না বলে তাদের দাবি। শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল পূর্ণাঙ্গরূপে এবং অবিলম্বে চালু করার দাবিতে নগরের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন কর্মসূচি অব্যাহত রেখেছে। এ দাবিতে গত শুক্রবার বেলা ১১টায় নগরের পিকচার প্যালেস মোড়ে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, অতীতে জোট সরকারের আমলে শুধু নামের কারণেই এই বিশেষায়িত হাসপাতালটির নির্মাণকাজ মাঝপথে স্থগিত করা হয়। খুলনার মানুষ তাদের স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য এই হাসপাতালটি চালু করার দাবিতে আন্দোলন করেছে। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এ অঞ্চলের জনগণের প্রত্যাশা ছিল স্বল্প সময়ে পূর্ণাঙ্গভাবে হাসপাতালটি চালু হবে। কিন্তু এ হাসপাতালের ১১টি বিভাগ, ১২০ শয্যা ও এক হাজার ২৭০ জন জনবলের পরিবর্তে মাত্র দুটি বিভাগ, ৩০ শয্যা ও ২৮০ জন লোকবল নিয়ে চালু করার চেষ্টা চলছে।খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন খুলনা ডায়াবেটিস সমিতির সিদ্দিক আহমেদ, প্রকৌশলী পরিমল দাস, জাসদ নেতা রফিকুল হক, খুলনা উন্নয়ন কমিটির নেতা শেখ আশরাফ-উজ-জামান, ওয়ার্কার্স পার্টির নেতা দেলোয়ার হোসেন, ন্যাপের তপন রায়, সাম্যবাদী দলের সরদার আবদুস সাত্তার, সিপিবির মহেন্দ্র নাথ সেন, হুমায়ুন কবীর, শাহীন জামাল, শামীমা সুলতানা, মো. শহিদুল্লাহ, সুব্রত কুন্ডু, জাহাঙ্গীর আলম, মোমিনুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ।ফিরোজ আহমেদ বলেন, শুধু নামের কারণে একটা দীর্ঘ সময় এই হাসপাতালটি চালু হয়নি। কিন্তু এখন তো দিনবদলের সরকার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এখনো কেন খুলনাবাসীর বঞ্চনার ইতিহাস দীর্ঘ হবে।