আবু বকর সিদ্দিক হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকর সিদ্দিক হত্যা মামলার সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। আগামী ২১ জুলাই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। আজ ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন এই তারিখ ধার্য করেন।
বিষয়টি নিয়ে ওই আদালতের সরকারি কৌঁসুলি এ বি এম বশির উদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, ‘মামলার সাক্ষী না আসায় আজ সাক্ষ্যগ্রহণ হয়নি।’
দরিদ্র পরিবারের সন্তান আবু বকর ছয় বছর আগে ৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনা ওই সময় দেশজুড়ে আলোচিত ছিল।
এই ঘটনায় একই হলের আবাসিক ছাত্র ওমর ফারুক বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা করেন। তিনি নিজেও ওই ঘটনায় আহত হয়েছিলেন। আবু বকর হত্যা মামলাটির তদন্ত শেষে এফ রহমান হল শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাইদুজ্জামান ফারুকসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় শাহবাগ থানার পুলিশ। পরে বাদীর নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে সিআইডি মামলাটির অধিকতর তদন্ত করে এবং ২০১২ সালের ২৬ নভেম্বর অভিযোগপত্র দেয়। তাতে আগের আটজনসহ আরও দুজনকে অভিযুক্ত করা হয়। আসামিদের সবাই ছাত্রলীগের নেতা-কর্মী।
মামলাটি বর্তমানে ঢাকার ৪ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন আছে। মামলার ২২ জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে আটজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। যাঁদের মধ্যে সাতজনই প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং তাঁরা ওই হলের তৎকালীন ছাত্র ও একজন আবাসিক শিক্ষক।
আরও পড়ুন:
পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন