আবু বকর হত্যার তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ছাত্র ফেডারেশন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ছাত্র ফেডারেশন। একই সঙ্গে বকর হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করার দাবি জানিয়েছে সংগঠনটি।গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি করেন। দুপুরে মধুর ক্যানটিন থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাসের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে কলাভবনের প্রধান ফটকের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সৈকত মল্লিক, সাধারণ সম্পাদক মোস্তফা হামেদী প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, তদন্ত প্রতিবেদনে আবু বকরের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। এ ছাড়া এ রকম একটা হত্যাকাণ্ডের শাস্তি দেওয়া হয়েছে মামুলি সাময়িক বহিষ্কার। যার কারণে তদন্ত প্রতিবেদন গ্রহণযোগ্যতা হারিয়েছে।