আবু বকর হত্যার প্রতিবাদে পথনাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি আবু বকর। আমি পড়তে এসেছিলাম, মরতে নয়। অনেক স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম। মা-বাবার অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে। কোনো স্বপ্নই পূরণ হয়নি, হতে দেয়নি ওরা। আমি কেন মারা গেলাম, আমি জানি না, আপনি জানেন কি?’এটি একটি পথনাটকের সংলাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার এই পথনাটকের মাধ্যমে আবু বকরের মৃত্যুর কারণ জানতে চাইছিলেন ওই সংলাপের মাধ্যমে। ‘নির্যাতনবিরোধী ছাত্রছাত্রীবৃন্দ’-এর ব্যানারে পথে নেমেছিলেন তাঁরা। অপরাজেয় বাংলা আর স্বোপার্জিত স্বাধীনতার পাদদেশে তাঁদের উপস্থাপনা নজর কেড়েছিল সাধারণ শিক্ষার্থীদের। ক্ষণিকের জন্য হলেও তাঁদের ভাবিয়ে তুলেছিল রহস্যে ঘেরা আবু বকরের মৃত্যু।পথনাটক দেখে চোখের জল মুছছিলেন এক শিক্ষার্থী। কাছে যেতে শুধু একটি কথাই বললেন, ‘আমিও তো আবু বকর হতে পারতাম।’ তাঁর কথার রেশ ধরে পাশেরজন বললেন, ‘আমাদের নিরাপত্তা কোথায়? আবু বকরের মৃত্যুর সুষ্ঠু বিচার কি পাব না আমরা?’ পথনাটকের পর রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী পদচিত্র অঙ্কন করা হয়। এই চিত্রের মাধ্যমে আবু বকরসহ শিক্ষাঙ্গনে সন্ত্রাসের কারণে শিক্ষার্থীদের মৃত্যুর চিত্র ফুটিয়ে তোলেন তাঁরা। আবু বকরের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় মানববন্ধন শেষে তাঁরা একটি মৌন মিছিল বের করেন। আবু বকরের হত্যাকারীদের শাস্তির দাবিতে সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। পরে প্রক্টর ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সাড়ে ১১টায় মধুর ক্যান্টিনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বাধা প্রদানকারী পুলিশদের শাস্তি দাবি করা হয়। এ ছাড়া আবু বকরের হত্যাকারীদের শাস্তি, প্রক্টর ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি উত্থাপন করেন তাঁরা। এসব দাবি আদায়ে আজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও আগামীকাল বৃহস্পতিবার প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রচার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।ছাত্রলীগের মিছিল: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হাতে ছাত্রলীগের এক নেতা হত্যা ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সমাবেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। আজ সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেছে ছাত্রলীগ। শিবিরের হামলায় ছাত্রলীগের নেতা-কর্মীদের হতাহত হওয়ার খবর শুনে গতকাল সকাল থেকেই বিভিন্ন হলের নেতা-কর্মীরা মধুর ক্যান্টিনে জড়ো হতে থাকেন। দুপুর সাড়ে ১২টায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপনের উপস্থিতিতে মধুর ক্যান্টিন থেকে বের হয় বিক্ষোভ মিছিল। এ সময় নেতা-কর্মীদের ‘শিবির ধর জবাই কর’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস।