ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, আবু বকর হত্যার তদন্তকাজ প্রায় শেষ। এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা কেউ ছাড় পাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী ছাত্র আবু বকর সিদ্দিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য এ কথা বলেন। গতকাল শুক্রবার বকরের গ্রামের বাড়ি মধুপুর উপজেলার গোলাবাড়িতে আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য। অনুষ্ঠানে উপাচার্য আরও বলেন, ‘শিক্ষাঙ্গন হলো মেধা ও মনন চর্চার জায়গা। ছাত্ররাজনীতির নামে সন্ত্রাসীরা সে স্থান দখল করে নিলে জাতির বিবেক ও সৃষ্টিশীলতার বিকাশ বাধাগ্রস্ত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা কখনোই হতে দেব না। এখানে সন্ত্রাসীদের কোনো স্থান নেই।’মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম বেনজামিন রিয়াজীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান, চারুকলা অনুষদের শিক্ষক আজাহারুল ইসলাম তালুকদার, আবু বকরের বাবা রুস্তম আলী প্রমুখ।গত বছরের ১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন আবু বকর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ ফেব্রুয়ারি সকালে মারা যান।