আবু বকরকে উদ্ধারের দাবিতে তাঁর কারখানার শ্রমিকদের বিক্ষোভ
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের ব্যবসায়ী স্বামী আবু বকর সিদ্দিককে উদ্ধারের দাবিতে নারায়ণগঞ্জের হামিদ ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। অপহূত আবু বকর সিদ্দিক ওই পোশাক কারখানাটির নির্বাহী পরিচালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত হামিদ ফ্যাশন কারখানা থেকে কয়েক শ শ্রমিক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আবু বকর সিদ্দিককে উদ্ধারের দাবিতে তাঁরা মানববন্ধন করেন।
মানববন্ধনে শ্রমিকেরা বলেন, তাঁদের কারখানার নির্বাহী পরিচালক আবু বকর সিদ্দিক একজন ভালো মানুষ। তিনি কারখানার শ্রমিকদের সঙ্গে সব সময় ভালো ব্যবহার করেন। তাঁর কোনো শত্রু নেই। তাঁকে অবিলম্বে অক্ষত ও সুস্থ অবস্থায় উদ্ধারের জন্য সরকারের প্রতি দাবি জানান তাঁরা। দাবি পূরণের জন্য সরকারকে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছেন শ্রমিকেরা। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকেরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন।
গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে আবু বকর সিদ্দিক অপহরণ করে। রিজওয়ানা হাসান এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।