আবু সাইয়ীদের ছয় ছবি এক মোড়কে

চলচ্চিত্রকার আবু সাইয়ীদ নির্মিত ছয়টি ছবি বের হলো এক মোড়কে, এক ডিভিডিতে। ছয়টি ছবির তালিকায় রয়েছে কিত্তনখোলা (২০০০), শঙ্খনাদ (২০০৪), নিরন্তর (২০০৬), বাঁশি (২০০৭), রূপান্তর (২০০৮) এবং অপেক্ষা (২০১০)।
এই ডিভিডিটি প্রকাশ করল জি সিরিজ। ডিভিডি প্রকাশ উপলক্ষে আজ শুক্রবার থেকে আয়োজন করা হয়েছে দুই দিন ব্যাপী ওই ছয়টি ছবির বিশেষ প্রদর্শনী। শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে বিকেল তিনটা থেকে শুরু হয় প্রদর্শনী। প্রথম দিন দেখানো হয় কিত্তনখোলা, শঙ্খনাদ ও নিরন্তর। তবে শেষ ছবিটি প্রদর্শনীর আগে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে ছবিগুলোর ডিভিডির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, ‘আবু সাইয়ীদ আহ্বান করেছেন এই অনুষ্ঠানে যোগ দিতে, আমি সাড়া দিয়েছি। জেনেছি, তিনি চলচ্চিত্রের জন্য বিদেশ থেকে সম্মান বয়ে এনেছেন। এ জন্য আমরা সবাই গৌরব বোধ করি। তিনি দেশের চেয়ে দশের বাইরে অনেক বেশি দর্শক পেয়েছেন। আমার মনে হয়, চলচ্চিত্রে শুধু নয়, শিল্পের সব শাখাতেই এমন ঘটে।’
অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে চলচ্চিত্রকার আবু সাইয়ীদ বলেন, ‘চলচ্চিত্রে সমস্যা ছিল, এখনো আছে। কিন্তু সামনে অনেকেই আসছেন। এ জন্য আমরা আশার আলো দেখছি।’
এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন জি সিরিজের স্বত্বাধিকারী নাজমুল হক, কথাশিল্পী নাসরীন জাহান ও জুনায়েদ হালিম।
সম্প্রতি আবু সাইয়ীদ তাঁর নতুন ছবি ড্রেসিং টেবিল-এর কাজ শুরু করেছেন।