চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জনের বাড়িতে আজ শুক্রবার চেহলাম অনুষ্ঠিত হবে।রোজার দিন বলে প্রায় সবাই এই অনুষ্ঠান রাতে করবেন। আবার অনেকে ছোট করে চেহলাম পালন করে রোজার পর বড় আয়োজন করবেন বলে জানান। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে অলোচনা করে এসব তথ্য জানা গেছে।আবুতোরাব উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ রাহাত ওই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল। তার বাবা অটোরিকশাচালক কবির আহাম্মদ জানান, চেহলাম উপলক্ষে পাঁচজন এতিম শিশুকে দাওয়াত দিয়েছেন আজ শুক্রবার রাতে। সঙ্গে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন থাকছে।একই কথা বলেন নিহত ছাত্র তারেক হোসেনের বাবা জয়নাল আবেদীন ও শামছুদ্দীনের বাবা মো. নুরুল আমিন। তাঁরাও জানান, রাতে ছোট করে চেহলাম অনুষ্ঠান করবেন।মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির নিজামী জানান, তাঁর ইউনিয়নের ২৪ জন ওই দুর্ঘটনায় নিহত হয়েছে। তিনি বলেন, ‘২৪ জনকে একসঙ্গে হারিয়ে আমি মনকে কিছুতেই বোঝাতে পারছি না।’ তিনি বুঝতে পারছেন না কীভাবে এই শূন্যতা পূরণ হবে। তিনি বলেন, একসঙ্গে এত বিপুলসংখ্যক বাড়িতে চেহলাম অনুষ্ঠান একটি নজিরবিহীন ঘটনা।উল্লেখ্য, গত ১১ জুলাই ফুটবল খেলা দেখে মিনি ট্রাকে করে বাড়ি ফেরার পথে ট্রাক উল্টে ৩৯ জন ছাত্রসহ ৪১ জন মারা যায়। এর মধ্যে ৩২ জন মুসলিম এবং বাকি নয়জন সনাতন ধর্মাবলম্বী ছিল। সনাতন ধর্মাবলম্বীদের শ্রাদ্ধানুষ্ঠান এর আগে সম্পন্ন হয়েছিল।