আবুতোরাবে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে আবুতোরাব উচ্চবিদ্যালয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা। এদিকে নিহত ও আহত ছাত্রদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঘোষিত সহায়তার চেক বিতরণের জন্য আবুতোরাব উচ্চবিদ্যালয়ে গতকাল বুধবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সচিব বলেন, এ সময় তিনি বলেন, আবুতোরাব উচ্চবিদ্যালয়ে শিগগিরই একটি নতুন ভবন নির্মাণ করা হবে। তিনি হতাহতদের পরিবারের উদ্দেশ্যে বলেন, ‘সরকার সব সময় আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। শিক্ষার্থীর কোনো ধরনের অসুবিধা হলে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবেন।’ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) খালেদ মামুন চৌধুরী। অনুষ্ঠানে মিরসরাই উপজেলার ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আবুতোরাব উচ্চবিদ্যালয়কে সরকারি করার দাবি জানান।এ ছাড়া আবুতোরাব উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. মফিজুল ইসলাম জানান, অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ নিহতদের পরিবারের জন্য ২০ হাজার এবং আহতদের পরিবারের জন্য পাঁচ হাজার টাকা করে অনুদান দিয়েছে। গতকাল বিকেলে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। আজ থেকে পরীক্ষা শুরু: আজ বৃহস্পতিবার থেকে আবুতোরাব উচ্চবিদ্যালয়ে পরীক্ষা শুরু হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর সাদেক জানান, দশম শ্রেণীর প্রাকনির্বাচনী এবং অন্যান্য শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে আজ বৃহস্পতিবার থেকে। এ জন্য কেউ নিহত ও আহত ছাত্রদের পরিবারকে সহায়তা দিতে চাইলে মায়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামীর সঙ্গে যোগাযোগ করতে হবে। এদিকে শোক কাটিয়ে শিক্ষার্থীদের স্বাভাবিক করে তুলতে চলছে কাউন্সিলিং। গতকালও আবুতোরাব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের কাউন্সিলিং করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো-মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হাসানুজ্জামান, মনোরোগ বিশেষজ্ঞ মহিউদ্দীন সিকদার, ঢাকা আহ্ছানিয়া মিশনের রোকেয়া বেগম, চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষক সামছুদ্দিন। দোয়া মাহফিল: গতকাল সকাল থেকেই আবুতোরাব উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে নিহতদের স্মরণে কোরআনখানি, দোয়া মাহফিল ও তবারুক বিতরণ করা হয়। অন্য ধর্মাবলম্বীদের জন্য জগন্নাথ বাড়িতে প্রার্থনা অনুষ্ঠিত হয়। গত ১১ এপ্রিল ট্রাক উল্টে মিরসরাইয়ে ৩৮ জন ছাত্রসহ ৪০ জন নিহত হয়।