আবুধাবি থেকে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে যাত্রাবিরতির পর গতকাল রোববার তিনি সেখান থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন।

ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা স্থানীয় সময় গতকাল সকাল ১০টা ৫০ মিনিটে আবুধাবি বিমানবন্দর ত্যাগ করেন বলে জানান আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান। গতকাল বিকেলে (নিউইয়র্কের সময়) জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণের কথা ছিল। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

এর আগে গত শনিবার প্রধানমন্ত্রী স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে আবুধাবি পৌঁছান। তিনি ওই দিন বেলা ২টা ১০ মিনিটে (বাংলাদেশ সময়) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।

প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর বিকেলে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। একই দিন তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন। এর আগে শেখ হাসিনা ১৮ সেপ্টেম্বর (আজ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত জাতিসংঘের সংস্কারবিষয়ক উচ্চপর্যায়ের এক বৈঠক ও জাতিসংঘ সদর দপ্তরে ‘প্রিভেনশন অব সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজ’ শীর্ষক উচ্চপর্যায়ের আরেক বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী এদিন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টবগের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে সংখ্যালঘু রোহিঙ্গা ইস্যু নিয়ে ওআইসি কন্টাক্ট গ্রুপের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। পরে নিউইয়র্কের ম্যারিয়ট স্কয়ারে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রী ২০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণের ওপর এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন এবং তাতে স্বাক্ষর করবেন। তিনি ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে তাঁর জাতিসংঘ সফরের ওপর সাংবাদিকদের ব্রিফ করবেন।

শেখ হাসিনা ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে সড়কপথে ভার্জিনিয়ার উদ্দেশে রওনা হবেন। ভার্জিনিয়ায় এক সপ্তাহ অবস্থানের পর তিনি ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা হবেন। তিনি আগামী ২ অক্টোবর দেশে ফিরবেন।