আবুধাবিতে অগ্নিকাণ্ডে নিহত দুজনের দাফন সম্পন্ন
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অগ্নিকাণ্ডে নিহত চট্টগ্রামের ফটিকছড়ির দুই ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে গতকাল শনিবার।
গত ২০ ফেব্রুয়ারি আবুধাবির একটি ভবনে আগুন লেগে ১০ ব্যক্তি মারা যান। তাঁদের মধ্যে ফটিকছড়ির সেলিম উদ্দিন ও আবদুল শুক্কুরও ছিলেন।
গতকাল দুপুরে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার বাবুনগর গ্রামে সেলিম উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, একটু পর পর কান্নায় ভেঙে পড়ছেন তাঁর স্ত্রী সাকেরা আক্তার। দুই সন্তান সায়মুন হোসেন (১২) ও আরমান হোসেনকে (৮) কীভাবে মানুষ করবেন, কীভাবে চলবে যৌথ পরিবার—এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তাঁর।
১৫ বছর আগে সেলিম উদ্দিনের সঙ্গে সাকেরার বিয়ে হয়। পাঁচ বছর আগে সংযুক্ত আরব আমিরাতে যান সেলিম।
এদিকে নাজিরহাট পৌরসভার সুয়াবিলের আলমের ঘোনা এলাকায় আবদুল শুক্কুরের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী পপি আক্তারের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। ছয় বছর বয়সী একমাত্র ছেলে তানভীর ওয়াসফিকে জড়িয়ে ধরে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি।
আবদুল শুক্কুরও পাঁচ বছর আগে আবুধাবিতে যান। তাঁর মৃত্যুর পর কীভাবে সন্তানকে মানুষ করবেন—এ ভাবনায় দিশেহারা পপি।
গতকাল দুপুরে সেলিম ও শুক্কুরের লাশ গ্রামের বাড়িতে আনা হয়।