আবুধাবিতে নৌযান প্রদর্শনীতে অংশ নিল ওয়েস্টার্ন মেরিন
আবুধাবিতে অনুষ্ঠিত ‘মিডল ইস্ট ওয়ার্কবোট এক্সিবিশন ২০১১’তে অংশগ্রহণ করেছে চট্টগ্রামের জাহাজনির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে গত সোমবার থেকে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে সি ট্রেড নামের একটি সংস্থা।জানা গেছে, প্রদর্শনীতে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড তাদের গুণগত মানের জাহাজ নির্মাণ এবং স্থানীয় ও ইউরোপীয় ক্রেতাদের যথাসময়ে জাহাজ সরবরাহের সাফল্যের চিত্র তুলে ধরে। এ মেলায় ওয়ার্কবোট পরিচালনাকারী, নির্মাতা ও যন্ত্রপাতি সরবরাহকারীরা তাদের অত্যাধুনিক প্রযুক্তিগুলো প্রদর্শন করে।ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, আরব ক্রেতাদের ওয়ার্কবোট ও ছোট আকারের জাহাজ নির্মাণকাজের সুবিধার জন্য ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের অবকাঠামো সম্প্রসারণ করা হচ্ছে। প্রাথমিকভাবে তিনটি নতুন শিপওয়ে নির্মাণ করা হয়েছে।