আবুধাবিতে সড়ক দুর্ঘটনা নিহতদের পাঁচজনের বাড়ি ফটিকছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব আমিরাতে গত সোমবার সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ জন বাংলাদেশির মধ্যে পাঁচজনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। ইতিপূর্বে প্রশাসন নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের বাড়ি ফটিকছড়ি বলে উল্লেখ করেছিল, কিন্তু বাস্তবে পাঁচজনের বাড়িই এখানে। নিহত ব্যক্তিরা হলেন: মোহাম্মদ আরিফ ওরফে সাদ্দাম (২১), মো. আলাউদ্দিন (৩৮), মোহাম্মদ হারুন (৪৮), মো. নুরুল আলম (৩৫) ও সিরাজুল ইসলাম মজুমদার (৪৫)। তাঁদের বাড়ি যথাক্রমে উত্তর পাইন্দং, দক্ষিণ পাইন্দং, ধর্মপূর, কাঞ্চনপুর ও রোসাংগিরি।দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যেও দুজনের বাড়ি ফটিকছড়ি। তাঁরা হলেন মো. ফাহিম (২৬) ও মো. সেলিম উদ্দিন (৪৫)। গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারেই কান্নার আহাজারি। পাইন্দংয়ের নিহত আরিফের মা বুক চাপড়াতে চাপড়াতে বলেন, ‘আমার একমাত্র ছেলের মরা মুখ দেখার আগে আমার মৃত্যু হোক।’ আলাউদ্দিনের পরিবারে গিয়ে দেখা যায়, তাঁর চার বছরের সন্তান তামিমের দুই চোখ দিয়ে পানি পড়ছে। স্ত্রী এলি আকতার কান্নাজড়িত কণ্ঠে শিশুদের দেখিয়ে দিয়ে বলেন, ‘অবুঝ এই সন্তানদের এখন কী হবে?’ ধর্মপুর গ্রামে মো. হারুনের পরিবারের সবাই বাকরুদ্ধ। তাঁর ষাটোর্ধ্ব মা আমেনা বেগম ফ্যালফ্যাল করে তাকিয়ে শুধু অঝোরধারায় কাঁদছেন। স্ত্রী জেসমিন আকতার নির্বাক হয়ে বারবার মূর্ছা যাচ্ছেন। কাঞ্চননগরের নুরুল আলমের পরিবার পাঁচ লাখ টাকার ঋণে জর্জরিত। নুরুল আলমের ছেলে মো. মোবারক বলে, ‘বাবা বলেছিল ঋণ শোধ করে আমাদের লেখাপড়া শিখাবে। বাবার মৃত্যুতে কিন্তু ঋণ রয়েই গেল।’ রোসাংগিরি গ্রামের নিহত সিরাজুল ইসলামের পরিবারটি এখন বড় অসহায়। দুই সন্তানের বাবা সিরাজ আর্থিক সংকটে পড়ে পাঁচ মাস আগে আরব আমিরাত গিয়েছিলেন।