আবুধাবির বাংলাদেশ স্কুল জায়েদ ফিউচার এনার্জি অ্যাওয়ার্ড পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের মর্যাদাসম্পন্ন জায়েদ ফিউচার এনার্জি অ্যাওয়ার্ড পেয়েছে সেখানকার বাংলাদেশ কমিউনিটি স্কুল। ভবিষ্যৎ প্রজন্মের মাঝে উদ্ভাবনী ভাবনা বিকাশে ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে স্কুলটিকে এ পুরস্কার দেওয়া হয়। ওয়েবসাইট ও আবুধাবির বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো বার্তায় গতকাল বৃহস্পতিবার এ তথ্য পাওয়া গেছে। গত মঙ্গলবার আবুধাবির এমিরেটস প্যালেসে অনুষ্ঠিত ষষ্ঠ ভবিষ্যৎ জ্বালানি শীর্ষ সম্মেলনের সান্ধ্য অধিবেশনে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে স্কুলটি পেয়েছে ৮০ লাখ টাকা। এশিয়া ছাড়াও আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা মহাদেশ থেকে তিনটি স্কুল এ পুরস্কার পেয়েছে। বৃহৎ সংস্থা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, এনজিও, আজীবন সম্মাননা ও বৈশ্বিক স্কুল—এ পাঁচ শ্রেণীতে এ পুরস্কার দেওয়া হয়। প্রসঙ্গত, ২০০৯ সালে বাংলাদেশের দীপাল বড়ুয়া নবায়নযোগ্য জ্বালানি খাতে অবদানের জন্য জায়েদ ফিউচার এনার্জি অ্যাওয়ার্ড পেয়েছিলেন।