আবুধাবির 'লিটল বাংলাদেশ'
আরব আমিরাত বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যকলার অধ্যাপক ইয়াসের এলশেষতাওয়ি আবুধাবি শহরতলির একটি ‘খোলা জায়গা’ নিয়ে পাঁচ বছর ধরে পর্যবেক্ষণ ও গবেষণা করেছেন। তাঁর গবেষণার বিষয়, শহুরে এলাকায় নিম্ন আয়ের মানুষ খোলা জায়গা কীভাবে ব্যবহার করে। এ জন্য তিনি বেছে নেন আবুধাবির শহর-কেন্দ্রের বাইরে শহরতলির বাংলাদেশি অধ্যুষিত একটি অঞ্চল। বাংলাদেশিদের আধিক্যের কারণে অঞ্চলটি ‘লিটল বাংলাদেশ’ নামে পরিচিত।
সোমবার ২১ সেপ্টেম্বর, নিউইয়র্ক ইউনিভার্সিটির আবুধাবি ইনস্টিটিউটে ‘লিটল বাংলাদেশ—ম্যাপিং আবুধাবি’ নামের একটি প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনী চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এটি উদ্বোধনের অংশ হিসেবে সোমবার আবুধাবি ইনস্টিটিউটে এক ভাষণে তাঁর দেখা ‘লিটল বাংলাদেশ’-এর কাহিনি তুলে ধরেন অধ্যাপক এলশেষতাওয়ি। মূল শহরের বাইরে হওয়ায় আবুধাবির ধনাঢ্য ব্যক্তিদের অনেকে এই অঞ্চলের সঙ্গে পরিচিত নন। একটি প্রশস্ত পাকা চত্বরে প্রায় প্রতিদিন জড়ো হন বাংলাদেশি শ্রমিকেরা। শুক্রবার জুমার দিন এঁদের সংখ্যা লক্ষণীয়ভাবে বেড়ে যায়। অধ্যাপক এলশেষতাওয়ি জানান, এসব শ্রমিক ও কর্মজীবীদের অধিকাংশই দীর্ঘদিন থেকে এ দেশে পরিবার-পরিজন ছাড়া বাস করে। এই চত্বরে এসে তাঁরা এক টুকরো বাংলাদেশ খুঁজে পান।
তিনি স্লাইড ও ভিডিও দেখিয়ে মন্তব্য করেন, এঁরা সবাই খুব দুঃখ-কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন, তা হয়তো ঠিক। কিন্তু তাঁদের জীবনে শুধুই যে দুঃখ, তা-ও কিন্তু ঠিক নয়। এই চত্বরে এসে তাঁরা নিজ দেশের মানুষের সঙ্গে যোগাযোগের ও তথ্য বিনিময়ের সুযোগ পান। ‘তাঁদের দেখে আমার কাছে সুখী মনে হয়েছে।’
এই চত্বরে একটি বাংলাদেশি মালিকানাধীন দোকান রয়েছে, এটি ঘিরেই প্রতিদিন কয়েক হাজার বাংলাদেশি প্রায় মধ্যরাত অবধি ভিড় জমান। অধ্যাপক এলশেষতাওয়ি জানান, অনেকেই দোকানের টিভি পর্দায় ক্রিকেট খেলা উপভোগ করেন, সে দৃশ্য তিনি দেখেছেন।
অধ্যাপক এলশেষতাওয়ি জানান, অন্য যেকোনো বড় বড় শহরের মতো আবুধাবিতেও সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী খোলা চত্বরের সংখ্যা কমে আসছে। তিনি আশা করেন, তাঁর এই গবেষণার ফলে নগর পরিকল্পনাবিদেরা নিম্নবিত্তের মানুষের জন্য উন্মুক্ত স্থানের প্রয়োজনীয়তার গুরুত্ব অনুধাবন করতে পারবেন।