আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একেএম যাকারিয়া (ফাইল ছবি)
একেএম যাকারিয়া (ফাইল ছবি)

গবেষণায় একুশে পদকপ্রাপ্ত আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া অসুস্থ অবস্থায় রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন তিনি। তাঁর বয়স ৯৭ বছর।
গতকাল বুধবার শমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম হারুন প্রথম আলোকে বলেন, পাঁচ দিন আগে অসুস্থ
অবস্থায় আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া হাসপাতালে ভর্তি হন। তাঁর মূল সমস্যা মস্তিষ্কে। দীর্ঘদিন ধরে তিনি আলঝেইমারস রোগে ভুগছেন। তাঁর রক্তশূন্যতা আছে। মাস খানেক আগেও তিনি প্রায় এক সপ্তাহ হাসপাতালে ভর্তি থেকেছেন।
আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া স্নায়ুরোগ বিশেষজ্ঞ দীন মোহাম্মদের তত্ত্বাবধানে আছেন।
সাবেক সচিব, প্রত্নতত্ত্ববিদ ও বহুভাষাবিদ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। গবেষণা করেছেন মধ্যযুগের বাংলা সাহিত্য ও নবাবি আমলের ইতিহাসের ওপর। বাংলাদেশের প্রত্নসম্পদ নামে তাঁর একটি বই আছে। সবশেষ প্রথমা প্রকাশন থেকে এ বছর বেরিয়েছে নবাব সিরাজ-উদ-দৌলা।