আবুল কাশেমের ওপর হামলা পরিকল্পিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে গত ২৭ জুনের হরতালে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী আবুল কাশেমের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি)। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।গত ২৭ জুন বিএনপি আহূত হরতালে অফিসে যাওয়ার সময় শাহবাগে তাঁর গাড়িতে ইট ছুড়ে মারে পিকেটাররা। একটি ইট গাড়ির জানালা ভেঙে তাঁর মাথায় লাগলে তিনি গুরুতর আহত হন। এরপর তিনি ১৫ দিন হাসপাতালে ছিলেন।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আইইবির প্রেসিডেন্ট এস এম নজরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম, সাধারণ সম্পাদক মেসবাহুর রহমান টুটুলসহ আইইবি ও গণপূর্ত অধিদপ্তর প্রকৌশলী সমিতির নেতারা।লিখিত বক্তব্যে বলা হয়, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য পরিকল্পিতভাবে আবুল কাশেমের ওপর হামলা চালানো হয়েছিল। এই হামলার পর এখন পর্যন্ত এর সঙ্গে জড়িত কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রকৌশলীরা। আবুল কাশেমের পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার তাঁকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। এখন তিনি আগের চেয়ে সুস্থ আছেন।