আবুল বাজনদারকে জমি কেনার টাকা দিলেন চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আবুল বাজনদারের হাতে গতকাল জমির দলিল ও চেক তুলে দেন চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম ইউ কবির চৌধুরী l প্রথম আলো
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আবুল বাজনদারের হাতে গতকাল জমির দলিল ও চেক তুলে দেন চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম ইউ কবির চৌধুরী l প্রথম আলো

বিশিষ্ট চর্মরোগ চিকিৎসক অধ্যাপক এম ইউ কবির চৌধুরী বিরল রোগে আক্রান্ত খুলনার আবুল বাজনদারকে জমি কেনার জন্য ছয় লাখ টাকা দিয়েছেন। আবুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। আবুলের চিকিৎসায় গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ডের একজন জ্যেষ্ঠ সদস্য অধ্যাপক কবির চৌধুরী।
গতকাল মঙ্গলবার বার্ন ইউনিটের বিভাগীয় প্রধানের কক্ষে জমির বায়নাপত্র ও ছয় লাখ টাকার চেক আবুল বাজনদার ও তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেন কবির চৌধুরী। চেক পাওয়ার পর আবুল সাংবাদিকদের বলেন, ‘আমার আনন্দ হচ্ছে। হাসপাতাল ছাড়ার পর নিজের জায়গায় নিজের ঘর উঠাতে পারব।’
আবুল বাজনদারকে ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আবুল ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত বলে চিকিৎসকেরা শনাক্ত করেছেন। রোগটি ‘ট্রি ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রোম নামে পরিচিত।

আবুলের বাবা ও বড় ভাই সাংবাদিকদের জানিয়েছেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার সরল গ্রামের পরিমল সরদারের কাছ থেকে আবুলের জন্য তিন কাঠা জমি কেনা হচ্ছে। বায়নাপত্র তৈরি হয়ে গেছে।

গতকাল চিকিৎসকেরা জানান, এ পর্যন্ত চারটি বড় অস্ত্রোপচার হয়েছে আবুলের দুই হাতে ও দুই পায়ে। অস্ত্রোপচার করে তাঁর হাত ও পায়ের শিকড়ের মতো বেড়ে যাওয়া অংশ কেটে ফেলা হয়েছে। আবুল অনেকটাই সুস্থ। তবে শিকড়ের মতো অংশগুলো আবার বৃদ্ধি পায় কি না সে ব্যাপারে নিশ্চিত নন চিকিৎসকেরা। আবুল প্রথম আলোকে বলেছেন, তিনি আগের চেয়ে সুস্থ বোধ করছেন।