
বিরল রোগে আক্রান্ত আবুল বাজনদারের ডান হাতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকেরা। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ অস্ত্রোপচার চলে।
বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান আবুল কালামের নেতৃত্বে চিকিৎসকেরা এ অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচার শেষে অধ্যাপক আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘দ্বিতীয় দফায় আবুলের কবজি থেকে আঙুলের ওপরের অংশ ও তালুর কিছু অংশে অস্ত্রোপচার করা হয়। আমরা আঙুলগুলোতেও কিছু কাজ করেছি। প্রতিটি আঙুলে দুটি করে রক্তনালি আছে। সে জন্য আঙুলে অস্ত্রোপচারের কাজটি খুব ধীরে ধীরে করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, আবুলের হাতে ছোট-বড় ১৩ থেকে ১৫টি অস্ত্রোপচার করতে হবে। তাঁর আঙুলের ভেতরে গাছের শিকড়ের মতো কিছু অংশ রয়ে গেছে।
আবুল বাজনদার গত ৩০ জানুয়ারি হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন। তিনি ১০ বছর ধরে বিরল রোগ ট্রি-ম্যান সিনড্রোমে ভুগছেন। তাঁর হাত-পায়ের আঙুল অনেকটা ‘শিকড়ের মতো জটে’র আকার ধারণ করেছে। ২০ ফেব্রুয়ারি চিকিৎসকেরা তাঁর ডান হাতে প্রথম অস্ত্রোপচার করেন।
গতকাল অস্ত্রোপচারের কাজে যুক্ত ছিলেন এমন একাধিক চিকিৎসক বলেছেন, ২৩ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ব্যান্ডেজ পরিবর্তন করা হয় আবুলের। সেদিনই চিকিৎসকেরা অস্ত্রোপচার করতে চেয়েছিলেন। কিন্তু অস্ত্রোপচারের জায়গায় কিছু পুঁজ জমে যাওয়ায় তাঁরা পিছিয়ে আসেন। গতকাল পরিস্থিতির উন্নতি হওয়ায় তাঁরা বৃদ্ধাঙ্গুলি, অনামিকা ও কনিষ্ঠা থেকে শিকড়ের মতো কিছু অংশ অপসারণ করেন।
চিকিৎসকেরা বলছেন, ধারাবাহিকভাবে অনেক অস্ত্রোপচার হবে বলে গতকাল তাঁকে অজ্ঞান করা হয়নি। ওষুধ দিয়ে গভীরভাবে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। অস্ত্রোপচারের কাজে আগের মতোই ইলেকট্রো কটারি নামের একটি যন্ত্র ব্যবহার করা হয়েছে। বার্ন ইউনিটের তিন নম্বর অস্ত্রোপচার কক্ষে সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এই অস্ত্রোপচার হয়।
আবুল বাজনদারের স্ত্রী হালিমা খাতুন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী ভালো আছেন, ঘুমাচ্ছেন।