সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার বিরল রোগে আক্রান্ত আবুল বাজনদারের বাঁ হাতটিও ‘জটমুক্ত’ হবে। গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে এই তথ্য।
এর আগে আবুলের ডান হাতে দুই দফা অস্ত্রোপচার করা হয়েছে। সব মিলে কমপক্ষে ১৫টি ছোট-বড় অস্ত্রোপচার লাগতে পারে বলে মনে করছেন চিকিৎসকেরা।
গতকাল আবুলের ডান হাতের ব্যান্ডেজ পাল্টানো হয়। বার্ন ও প্লাস্টিক সার্জারির জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, ‘আবুলের ডান হাতকে এখন বেশ স্বাভাবিক মনে হচ্ছে। আরও কয়েক দফা “ক্লিন” করলে হয়তো পুরোপুরি স্বাভাবিক মনে হবে।’
আবুল বাজনদার ট্রি-ম্যান সিনড্রোমে ভুগছেন। অল্প কিছু আঁচিল তাঁর দুই হাত ও দুই পায়ে ধীরে ধীরে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এগুলো এখন দেখতে অনেকটা শেকড়ের মতো লাগে। গত ২০ ফেব্রুয়ারি তাঁর ডান হাতে বড় অস্ত্রোপচার হয়। সাত দিন পর ওই একই হাতে সূক্ষ্ম অস্ত্রোপচার করেন বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান আবুল কালামসহ আরও কয়েকজন শল্যচিকিৎসক। ১৫ বছর ধরে এ রোগে ভুগলেও এবারই প্রথম পূর্ণাঙ্গ চিকিৎসার সুযোগ পাচ্ছেন আবুল।
একের পর এক অস্ত্রোপচার, ইনজেকশন, ওষুধের প্রয়োগ চলছে আবুলের ওপর। তারপরও ভারমুক্ত হওয়ার আশায় তাঁকে দেখা গেল বেশ ফুরফুরে মেজাজে। বললেন, তিনি ভালো আছেন। হাসপাতালে কোনো সমস্যা নেই। হাসপাতালের কেবিনে স্ত্রী হালিমা খাতুন, মা আমেনা বেগম সবাইকে কাল পাওয়া গেল হাসিমুখে। ঘুরেফিরে আড়াই বছরের মেয়ে তাহেরা বাবার কোল ঘেঁষে এসে বসছিল।
আবুল বললেন, ‘জন্মের পর থেকে কখনো মেয়েটারে কোলে নিতি পারিনি। হাতটা ভালো হলিই ধরি দেখব।’ স্ত্রী হালিমা খাতুন বললেন, বাবা-মেয়ের খুব বন্ধুত্ব। জন্মের পর একবারের জন্যও মেয়েকে কোলে নিতে পারেননি তিনি। শুধু বলতেন, কোলে বসিয়ে দিতে। হাত দুটোকে সামলে মেয়েকে বুকে চেপে ধরার চেষ্টা করেছেন। এখন হালিমার মনের শঙ্কাও কেটে গেছে অনেকটা। তিনিও আশা করছেন, স্বামী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাবেন।