আবুল মনসুর আহমদের জন্মবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, আইনজ্ঞ ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ১১৪তম জন্মবার্ষিকী আজ ৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে আবুল মনসুর আহমদ স্মৃতি সংসদ ঢাকা ও ময়মনসিংহের ধানিখোলায় তাঁর পৈতৃক বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করেছে। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচয়িতা আবুল মনসুর আহমদ কৃষক ও নবযুগ পত্রিকায় কাজ করেন। তিনি ১৯৪৬ সালে কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ-এর সম্পাদক ছিলেন। সফল রাজনীতিবিদ আবুল মনসুর শেরেবাংলা এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী ছিলেন এবং ১৯৫৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ সরকারের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে আয়না, আসমানী পর্দা, গালিভারের সফরনামা ও ফুড কনফারেন্স। বাংলার সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের ওপর তাঁর রয়েছে নানা লেখা। তাঁর আত্মজীবনীমূলক দুটি গ্রন্থ হচ্ছে আত্মকথা ও আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর। আবুল মনসুর চল্লিশ, পঞ্চাশ ও ষাটের দশকে ধর্মনিরপেক্ষতার সপক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। পাকিস্তান আমলের প্রথম দিকে বিরোধীদলীয় আন্দোলনে তাঁর অবদান ছিল তাৎপর্যপূর্ণ। তিনি ছিলেন আওয়ামী লীগের প্রথম সারির নেতা। ইত্তেহাদ-এর সম্পাদক হিসেবে ভাষা আন্দোলনে তিনি অবদান রাখেন। তিনি ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের ম্যানিফেস্টো ‘২১ দফা’র রচয়িতা ছিলেন। পঞ্চাশের দশকের শেষ দিকে ও ষাটের দশকের প্রথম দিকে জেনারেল আইউব খানের সামরিক শাসনামলে তাঁকে বেশ কয়েকবার কারাবরণ করতে হয়। বাংলা একাডেমী সম্প্রতি আবুল মনসুর আহমদ রচনাসমগ্র তিন খণ্ডে প্রকাশ করেছে। আরও তিন খণ্ড প্রকাশের অপেক্ষায় আছে। বিজ্ঞপ্তি।