আবুল মনসুর আহমদের বই নিয়ে আলোচনা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নূরুল আমিন সম্পাদিত ‘আবুল মনসুর আহমদের শ্রেষ্ঠ গল্প’ ও ইমরান মাহফুজ সম্পাদিত ‘আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ’ নিয়ে মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। আজ বুধবার বিকেল চারটায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এ আয়োজন করা হয়েছে। প্রথম বইটি প্রকাশ করেছে ডেইলি স্টার বুকস এবং দ্বিতীয়টির প্রকাশক প্রথমা প্রকাশন।
ডেইলি স্টার বুকসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দুজন সম্পাদক বই দুটি সম্পাদনার অভিজ্ঞতা বর্ণনা করবেন এবং পাঠক ও দর্শক-শ্রোতাদের প্রশ্নের উত্তর দেবেন। এতে সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। আলোচনায় অংশ নেবেন সৈয়দ আবুল মকসুদ, আখতার হুসেন, গোলাম কুদ্দুছ, ড. বিশ্বজিৎ ঘোষ, ড. চেঙ্গিশ খান ও স্বকৃত নোমান।
১০টি প্রকাশনা সংস্থার যৌথ উদ্যোগে নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে গত ২ এপ্রিল থেকে ‘চৈত্রে বই উৎসব’ চলছে। উৎসব চলবে কাল ১৪ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত। উৎসবে থাকছে বইকেন্দ্রিক নানা আয়োজন। উৎসবে অংশ নিয়েছে অনন্যা, অনুপম, অ্যাডর্ন, কাকলী, ডেইলি স্টার বুকস, প্রতীক-অবসর, প্রথমা প্রকাশন, বিশ্বসাহিত্য কেন্দ্র, বেঙ্গল পাবলিকেশনস ও সময় প্রকাশন। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই উৎসবে ৩০ থেকে ৪৫ শতাংশ কমিশনে বই বিক্রি হচ্ছে।