আবুল মনসুর আহমদের লেখা বাঙালিদের দিকনির্দেশনা দেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আবুল মনসুর আহমদ ও সমকালীন বাংলা: ইতিহাস ও সাহিত্য’ শীর্ষক এক আন্তর্জাতিক আলোচনা সভায় বক্তব্য দেন সাহিত্যিক সেলিনা হোসেন। কলকাতা, ২১ এপ্রিল। ছবি: ভাস্কর মুখার্জী
‘আবুল মনসুর আহমদ ও সমকালীন বাংলা: ইতিহাস ও সাহিত্য’ শীর্ষক এক আন্তর্জাতিক আলোচনা সভায় বক্তব্য দেন সাহিত্যিক সেলিনা হোসেন। কলকাতা, ২১ এপ্রিল। ছবি: ভাস্কর মুখার্জী

বাংলাদেশের কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, ‘বাংলা ভাষা ও বাঙালিত্ব নিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন প্রখ্যাত সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল মনসুর আহমদ। আবুল মানসুর আহমদের লেখা আমাদের বাঙালি চেতনার উন্মেষ ঘটিয়েছে।’

‘আবুল মনসুর আহমদ ও সমকালীন বাংলা: ইতিহাস ও সাহিত্য’ শীর্ষক এক আন্তর্জাতিক আলোচনা সভায় এ কথা বলেছেন সেলিনা হোসেন। আজ শনিবার সকালে কলকাতার সল্টলেকের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, ‘ভাষা অনুবাদ ও সংস্কৃতিচর্চা কেন্দ্র’র পার্টিশন ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা প্রকল্পের এবং বাংলাদেশের আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সেলিনা হোসেন বলেন, ‘আবুল মনসুর আহমদের সেসব লেখা আজও আমাদের মাঝে সমুজ্জ্বল। তাঁর সাহিত্য আমাদের বাঙালিদের দিকনির্দেশনা দেয়। অনুপ্রাণিত করে। কারণ, তিনি বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন, বিস্তৃত করেছেন। যখন দেশের মুসলিম সমাজ সাহিত্যের দিক থেকে পিছিয়ে পড়ছিল, তখন বাংলা সাহিত্যকে সজীব করে রাখার জন্য মাঠে নেমেছিলেন তিনি।’
সাহিত্যে আবুল মনসুর আহমদের অবদান নিয়ে সেলিনা হোসেন বলেন, ‘তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতিকে আগলে নিয়েছিলেন। হাল ধরেছিলেন। আর্থিক সহায়তা দিয়েছিলেন। সেদিনের সেই পথ ধরে আজ বাংলা ভাষা বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে। ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা অর্জনের মধ্য দিয়ে আমাদের বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করেছে।’

এই আলোচনা সভায় ঢাকার আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও তাঁর ছেলে মাহ্‌ফুজ আনাম বলেছেন, ‘আমরা বাঙালিরা আজও একে অপরকে বুঝি না। চিনি না। বাঙালি হিন্দু ও বাঙালি মুসলমানরা একে অপরকে অনেক সময় বুঝতে পারি না, চিনতে পারি না। আলিঙ্গন করতে পারি না।’
ঢাকার ইংরেজি দৈনিক ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহ্‌ফুজ আনাম বলেন, ‘এখন আমাদের একে অপরকে বুঝতে হবে, জানতে হবে। আলিঙ্গন করতে হবে। আমাদের এক হতে হবে। একাত্ম হতে হবে। বিভেদ সরাতে হবে। বলতে হবে আমরা বাঙালি। আমাদের পরিচয় হোক আমরা বাঙালি। তাই বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলিমদের ঐহিত্যকে সমুন্নত রেখে আমাদের এক আত্মায় সম্মিলিত হতে হবে।’

‘আবুল মনসুর আহমদ ও সমকালীন বাংলা: ইতিহাস ও সাহিত্য’ শীর্ষক এক আন্তর্জাতিক আলোচনা সভায় ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম। ছবি: প্রথম আলো
‘আবুল মনসুর আহমদ ও সমকালীন বাংলা: ইতিহাস ও সাহিত্য’ শীর্ষক এক আন্তর্জাতিক আলোচনা সভায় ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম। ছবি: প্রথম আলো

আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভশঙ্কর সরকার। উদ্বোধনী আলোচনায় আরও অংশ নেন আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী।
এদিন ‘দেশভাগ, হিন্দু মুসলমান বিরোধ ও আবুল মনসুর আহমদের ব্যঙ্গ রচনা’, ‘সমকালীন পূর্ববঙ্গ ও আবুল মনসুর আহমদের কথাসাহিত্য’, ‘আবুল মনসুর ও বাঙালি মুসলিম মানসের ক্রমবিবর্তন (১৯৪০-১৯৭০)’ এবং ‘আবুল মনসুর আহমদের খোঁজে: বুদ্ধদেব বসুর সাথে তর্কের সূত্র ধরে’ শীষর্ক আলোচনা চক্রে অংশ নেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. চেঙ্গীশ খান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরেন্দু মণ্ডল, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস শূর, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজর্ষি চক্রবর্তী, কবি ইমরান মাহফুজ, হাবিব আর রহমান, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববিদ্যা অনুষদের অধিকর্তা মননকুমার মণ্ডল প্রমুখ।
আলোচকেরা প্রখ্যাত সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল মনসুর আহমদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তুলে ধরেন তাঁর অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা এবং বাঙালিত্বের নানা দিক। তুলে ধরেন তাঁর সাহিত্যাঙ্গনে কর্মতৎপরতার নানা দিক এবং তাঁর সাহিত্যের ভুবনের জানা-অজানা নানা কথা, নানা স্মৃতির কথা। সেমিনারে আবুল মনসুর আহমদের ওপর একটি তথ্যচিত্রও দেখানো হয়।