আবুল মনসুর আহমদের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ
উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ মার্চ।বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচয়িতা আবুল মনসুর আহমদ ছিলেন একাধারে একজন প্রখ্যাত রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক। তিনি কৃষক ও নবযুগ পত্রিকায় কাজ করেছেন এবং ১৯৪৬-এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ-এর সম্পাদক ছিলেন। অত্যন্ত সফল রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ শেরেবাংলা এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী ছিলেন এবং ১৯৫৭ সালের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ সরকারের ছিলেন কেন্দ্রীয় বাণিজ্যি ও শিল্পমন্ত্রী। তাঁর রচনাসম্ভারের মধ্যে রয়েছে বিখ্যাত বিদ্রূপাত্মক গ্রন্থাবলি আয়না, আসমানী পর্দা, গালিভারের সফরনামা ও ফুড কনফারেন্স। আরও রয়েছে বাংলার সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের ওপর বিখ্যাত রচনাবলি। তাঁর আত্মজীবনীমূলক দুটি গ্রন্থ হচ্ছে: আত্মকথা ও আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর।চল্লিশের দশকের প্রথম থেকেই তিনি ভাষা বিষয়ে লিখে আসছিলেন এবং ইত্তেহাদ-এর সম্পাদক হিসেবে ভাষা আন্দোলনে তাঁর অবদান রাখেন। তিনি ছিলেন ১৯৫৪-এর নির্বাচনে যুক্তফ্রন্টের মেনিফেস্টো ‘একুশ দফা’র রচয়িতা, যে নির্বাচনে মুসলিম লীগকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়।বাংলা একাডেমী সম্প্রতি আবুল মনসুর আহমদ রচনাসমগ্র-এর তিন খণ্ড প্রকাশ করেছে। আরও তিন খণ্ড প্রকাশের অপেক্ষায় রয়েছে। বিজ্ঞপ্তি।