আবুল মনসুর আহমদের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মনসুর আহমদ
আবুল মনসুর আহমদ

উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ মার্চ। তিনি ১৯৪৬ সালে অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ পত্রিকার সম্পাদক ছিলেন। আধুনিক ও প্রগতিশীল সাংবাদিকতার এক অগ্রপথিক তিনি।
আবুল মনসুর আহমদ চল্লিশের দশকের প্রথম থেকে ভাষা বিষয়ে লেখালেখি করে আসছিলেন। ইত্তেহাদ-এর সম্পাদক হিসেবে তিনি ভাষা আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখেন। তিনি ১৯৫৪-এর নির্বাচনে যুক্তফ্রন্টের ইশতেহার ‘একুশ দফা’র রচয়িতা। একুশ দফা ছিল তদানীন্তন পাকিস্তানের পূর্বাঞ্চলের বাঙালিদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দাবির প্রথম পূর্ণাঙ্গ উপস্থাপন। ওই নির্বাচনে মুসলিম লীগকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়।
আবুল মনসুর আহমদ ছিলেন যুক্তফ্রন্ট সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী এবং ১৯৫৭ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ সরকারের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী।
আবুল মনসুর আহমদের রচনাসম্ভারের মধ্যে রয়েছে বিদ্রূপাত্মক রচনা আয়না, আসমানী পর্দা, গালিভারের সফরনামা ও ফুড কনফারেন্স। আরও আছে বাংলার সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের ওপর লেখা। তাঁর আত্মজীবনীমূলক দুটি গ্রন্থ হলো আত্মকথা ও আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর। তাঁর লেখাগুলো নিয়ে সম্প্রতি তিনটি খণ্ড প্রকাশ করেছে বাংলা একাডেমি। আরও তিনটি খণ্ড প্রকাশের অপেক্ষায়। স্টার বুকস থেকে আবুল মনসুর আহমদের শ্রেষ্ঠ গল্প এবং প্রথমা থেকে ইমরান মাহফুজ সম্পাদিত আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি।