আবুল হাসান চৌধুরীকে দুদকের জিজ্ঞাসাবাদ
পদ্মা সেতু নির্মাণসংক্রান্ত পরামর্শক ও ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল বৃহস্পতিবার সকালে দুদকের কার্যালয়ে উপপরিচালক মীর জয়নুল আবেদীন ও সহকারী পরিচালক মির্জা জাহিদুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের এই প্রতিমন্ত্রীর জবানবন্দি নিয়েছেন। জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কমিশনার মো. বদিউজ্জামান।বদিউজ্জামান বলেন, ‘পরামর্শক নিয়োগসংক্রান্ত কোনো তথ্য তাঁর জানা আছে কি না তা জানতে আবুল হাসান চৌধুরীকে ডাকা হয়। কোনো একটি পক্ষের হয়ে তিনি সেতু ভবনে একটি বৈঠকে অংশ নেন।’সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না—জানতে চাইলে বদিউজ্জামান বলেন, ‘তদন্তে প্রয়োজন হলে তাঁকে ডাকতে হতে পারে।’আবুল হাসান চৌধুরী দুদকের কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের বলেন, কমিশন তাঁর পরামর্শ নিতে তাঁকে ডেকেছে। ১৯৯৭-৯৮ সালে বিভিন্ন সরকারি বিষয়ে লবিস্ট নিয়োগের অভিজ্ঞতার জন্যই মূলত তাঁকে ডাকা হয়।