আবুল হোসেনকে দুদক জিজ্ঞাসাবাদ করবে ৩ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর পরামর্শক নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সে অনুযায়ী গতকাল বুধবার বিকেলে তাঁকে চিঠি পাঠানো হয়েছে।সূত্র জানায়, আবুল হোসেন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে পদ্মা সেতুর পরামর্শক নিয়োগপ্রক্রিয়ায় তাঁর সম্পৃক্ততা এবং বিশ্বব্যাংকের উত্থাপিত দুর্নীতির অভিযোগ সম্পর্কে জবাব ও ব্যাখ্যা নেওয়া হবে।পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে প্রাথমিকভাবে পাওয়া অভিযোগ ও কিছু কাগজপত্র হাতে পাওয়ার পর তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। এ ক্ষেত্রে অনুসন্ধানকাজ দুই ভাগে বিভক্ত করা হয়। একটি হলো পদ্মা সেতুর কাজে ঠিকাদার নিয়োগ এবং অপরটি পরামর্শক নিয়োগপ্রক্রিয়া-সংক্রান্ত অনুসন্ধান। সিদ্ধান্ত অনুযায়ী, ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগে দুর্নীতির ঘটনা অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীনকে। এ ছাড়া সেতু প্রকল্পের জন্য পরামর্শক নিয়োগপ্রক্রিয়ার বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় সহকারী পরিচালক মির্জা জাহিদুল ইসলামকে।উপপরিচালক জয়নুল আবেদীন বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহের পাশাপাশি সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন। সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ শেষে আবুল হোসেনকে অব্যাহতি দিয়ে গত জানুয়ারি মাসে দুদকের সংশ্লিষ্ট শাখায় প্রতিবেদন দেওয়া হয়। কমিশন তা অনুমোদনও করে। তবে পরামর্শক নিয়োগে দুর্নীতির অনুসন্ধান অব্যাহত থাকে। এর অংশ হিসেবে ইতিমধ্যে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, জাতীয় সংসদের হুইফ নূরে আলম চৌধুরীর ভাই নিক্সন চৌধুরী, সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী লিয়াকত আলী, দুই সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ ও মো. গোলাম মর্তুজা, এসএনসি-লাভালিনের বাংলাদেশ প্রতিনিধি জিয়াউল হকসহ অন্তত ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিছুদিন আগে আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দিয়েছিল দুদক। তখন তিনি সময় চেয়ে চিঠি পাঠান। জিজ্ঞাসাবাদের নতুন দিন ধার্য করে গতকাল আবার তাঁকে চিঠি পাঠায় দুদক।