
যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান বলছে, খুলনার আবুল বাজনদারের হাতে ও পায়ে গাছের শিকড়ের মতো দেখতে শক্ত চামড়ার কারণ জিনগত ত্রুটি। এই ত্রুটির কারণে অস্ত্রোপচার করা জায়গাগুলোতে আবার শিকড় দেখা দিতে পারে।
এ কারণে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আবুলকে কাছে রেখে চিকিৎসা করতে চায়। তারা আবুলকে ঢাকা মেডিকেলে চাকরি দেওয়ার কথাও ভাবছে। আবুলের চিকিৎসক ও ঢাকা মেডিকেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।|
ঢাকা মেডিকেলের প্লাস্টিক সার্জারি অ্যান্ড বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক মো. আবুল কালাম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘রোগের মূল কারণ জানার জন্য আবুলের রক্তের নমুনা যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলাম। সম্প্রতি এর ফলাফল আমাদের হাতে এসেছে। এতে দেখা গেছে, জিনগত ত্রুটির কারণে এ রকম হয়েছে।’
চিকিৎসক ও জীববিজ্ঞানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মানুষের শরীর অসংখ্য কোষ দিয়ে গঠিত। প্রতিটি কোষে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে থাকে ডিএনএ। ডিএনএর কার্যকরী অংশ হচ্ছে জিন। জিন শারীরিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। জিনের কাঠামোতে ত্রুটি থাকলে শরীরে অস্বাভাবিক কিছু দেখা দেয়। অধ্যাপক মো. আবুল কালাম বলছেন, আবুলের জিনে একাধিক ত্রুটি দেখা গেছে।
হাত-পায়ে শিকড় গজানো রোগী আবুল একা নন। গতকাল আরও একজন রোগী ফলোআপ চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে এসেছিলেন বলে সেখানকার বার্ন ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক সামন্তলাল সেন প্রথম আলোকে জানিয়েছেন। এ ছাড়া গত বছরের মার্চ মাসে রংপুরের একই পরিবারের তিন সদস্য ‘ট্রি ম্যান’ সিনড্রম নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিলেন। পরে তিনজনই পালিয়ে যান। মাঝে নেত্রকোনা থেকে এক মহিলা একই লক্ষণ নিয়ে চিকিৎসা নিতে আসেন। সামন্তলাল সেন জানিয়েছেন, আবুলসহ মোট ছয়জন রোগী এ পর্যন্ত ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য এসেছেন।
আবুল বাজনদার ২০১৬ সালের ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেলের প্লাস্টিক সার্জারি অ্যান্ড বার্ন ইউনিটে ভর্তি হন বিরল রোগ নিয়ে। তাঁর হাতে ও পায়ে ছিল শিকড়ের মতো মাংস। আবুল ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত বলে চিকিৎসকেরা শনাক্ত করেন। রোগটি ‘ট্রি ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রোম নামে পরিচিত। আবুলের চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ঢাকা মেডিকেল।
এই রোগের কারণ জানার জন্য ঢাকা মেডিকেল আবুলের রক্তের নমুনা গত বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নরিস কম্প্রিহেনসিভ ক্যানসার সেন্টারে পাঠায়। নমুনা পাঠাতে সহায়তা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি সেই নমুনা পরীক্ষার ফলাফল ঢাকা মেডিকেলে এসেছে। নমুনা পাঠিয়েই চুপ থাকেনি তারা। ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা আবুলের হাতের তালু, পায়ের পাতা এবং হাত-পায়ের আঙুলে ২০টির বেশি ছোট-বড় অস্ত্রোপচার করেছেন। আবুলের চিকিৎসার সমস্ত খরচ বহন করছে সরকার।
আবুল বাজনদার বার্ন ইউনিটের একটি কক্ষে আছেন এক বছর চার মাস ধরে। সঙ্গে তাঁর স্ত্রী ও দুই শিশু থাকে। গতকাল ওই কক্ষে কথা হয় আবুলের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাড়ি যাওয়ার জন্য মন অস্থির হয়ে আছে। তবে সম্পূর্ণ সুস্থ না হয়ে বাড়ি যাব না। গ্রামের মানুষ আমাকে সম্পূর্ণ সুস্থ দেখার জন্য অপেক্ষা করে আছে।’
আবুলের বয়স এখন ২৬ বছর। আবুল বলেন, ১৫ বছর বয়সে হাতে ও পায়ে শিকড়ের মতো গজাতে থাকে। চিকিৎসার জন্য খুলনা, সাতক্ষীরা ও যশোরের বিভিন্ন চিকিৎসকের কাছে গেছেন। একবার ভারতের কলকাতায়ও যান। সবশেষে গত বছরের ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেলে ভর্তি হন।
আবুল বলেন, এক বছরে তাঁর অনেকগুলো অস্ত্রোপচার হয়েছে। সর্বশেষ অস্ত্রোপচার হয়েছে এ বছরের ২১ মার্চ। নিজের হাত ও পা দেখিয়ে বলেন, ‘অনেক ভালো আছি। স্যারেরা (চিকিৎসকেরা) বলেছেন আরও ভালো হব।’
আবুল বাজনদারের চিকিৎসার সঙ্গে শুরু থেকে জড়িত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক সামন্তলাল সেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা আবুলের চিকিৎসা ও পুনর্বাসন একসঙ্গে করার কথা ভাবছি। তাঁর জন্য ঢাকা মেডিকেলে একটি চাকরির কথা বিশেষভাবে ভাবা হচ্ছে।’
আবুলের আরও দীর্ঘদিন ফলোআপ চিকিৎসায় থাকতে হবে। ঢাকা মেডিকেলের সংস্পর্শে থাকলে ফলোআপ চিকিৎসা ভালো হবে এই চিন্তা থেকে আবুলের পুনর্বাসনের কথা ভাবছে কর্তৃপক্ষ। এ ছাড়া আবুলের চিকিৎসার অভিজ্ঞতা অন্য রোগীর ক্ষেত্রেও তাঁরা কাজে লাগাতে চান।