আবুলকে মনোনয়ন না দেওয়ায় কালকিনিতে গণপদত্যাগ

পদ্মা সেতু কেলেঙ্কারির কারণে মন্ত্রীত্ব হারানো সৈয়দ আবুল হোসেনকে বাদ দিয়ে আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে মাদারীপুর-৩ (সদর ও কালকিনি) আসনে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে কালকিনি উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতারা পদত্যাগ করেছেন। আজ রোববার এক জরুরি সভা ডেকে রাতে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একযোগে পদত্যাগ করেন।
দলীয় সূত্রে জানা যায়, সৈয়দ আবুল হোসেনকে বাদ দিয়ে আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে কালকিনি উপজেলা আওয়ামী লীগ আজ সন্ধ্যায় জরুরি সভা ডাকে। এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পদত্যাগ করেন। নেতারা একে একে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পদত্যাগপত্র জমা দেন। পরে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩২ জন পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ সদস্যবিশিষ্ট একটি দল আজ রাত ১০টার দিকে প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়ার উদ্দেশে কালকিনি থেকে রওয়ানা দেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকি প্রথম আলো ডটকমকে বলেন, ‘মাদারীপুর-৩ আসনের বর্তমান সাংসদকে মনোনয়ন না দেওয়ায় আমরা পদত্যাগ করেছি। প্রধানমন্ত্রীর কাছে যাব। প্রধানমন্ত্রী মনোনয়ন পরিবর্তন না করলে আমাদের পদত্যাগপত্র দিয়ে আসব।’