আবুলকে হাসপাতালে থাকতে হবে এক থেকে দেড় বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরল রোগে আক্রান্ত আবুল বাজনদারের দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থায় সন্তুষ্ট মেডিকেল বোর্ড। কিছুদিনের মধ্যে তাঁর বাঁ হাতেও অস্ত্রোপচার করা হবে। তাঁকে এক থেকে দেড় বছর হাসপাতালে থাকতে হবে।
গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বোর্ডের সভা শেষে বোর্ডের সভাপতি অধ্যাপক আবুল কালাম সাংবাদিকদের এসব কথা জানান। আবুল বাজনদারের চিকিৎসায় গঠিত নয় সদস্যের বোর্ডের সবাই সভায় উপস্থিত ছিলেন।
আবুল কালাম বলেন, বোর্ডের সদস্যরা রোগীর শারীরিক অবস্থা ও গৃহীত বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বোর্ডের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যে আবুলের বাঁ হাতেও অস্ত্রোপচার করা হবে। সদস্যরা ধারণা করছেন, তাঁকে এক থেকে দেড় বছর হাসপাতালে থাকতে হবে।
এর আগে সরকারি মেডিকেল কলেজগুলোর বার্ন ইউনিটের সমন্বয়ক ও বোর্ড সদস্য সামন্ত লাল সেন বলেন, এটি ছিল বোর্ডের তৃতীয় সভা। আবুলের চিকিৎসায় যা কিছু করা হচ্ছে তা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে। মূল উদ্দেশ্য তাঁকে একজন সুস্থ, কর্মক্ষম মানুষের পর্যায়ে নিয়ে যাওয়া।
আবুল বাজনদার গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন। তিনি ১০ বছর ধরে বিরল রোগ ট্রি-ম্যান সিনড্রোমে ভুগছেন। তাঁর হাত-পায়ের আঙুল অনেকটা ‘শিকড়ের মতো জটে’র আকার ধারণ করেছে। গত ২০ ফেব্রুয়ারি চিকিৎসকেরা তাঁর ডান হাতে প্রথম অস্ত্রোপচার করেন। গত শনিবার দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
এক প্রশ্নের জবাবে বোর্ড সভাপতি জানান, পরীক্ষার জন্য আবুলের শরীর থেকে নেওয়া রক্ত ও টিস্যুর যেসব নমুনা যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, তার ফল এখনো পাওয়া যায়নি। এ জন্য আরও দেড় থেকে দুই মাস অপেক্ষা করতে হবে। এ পর্যন্ত দেশে যেসব পরীক্ষা হয়েছে, এতে আবুলের শরীরে কোনো ক্যানসারের জীবাণু পাওয়া যায়নি।
চিকিৎসার শুরুর দিকে বলা হয়েছিল আবুলের শরীরে হয়তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। এ ব্যাপারে বোর্ড সদস্য ও মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক খান আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিশ্চিত হতে আরও কিছু সময় লাগবে।
তবে চিকিৎসকদের কাজে সন্তুষ্টি প্রকাশ করেছেন বোর্ড সদস্য ও বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ এম ইউ কবীর চৌধুরী। তিনি বলেন, এই রোগীকে অস্ত্রোপচার করে চিকিৎসকেরা সাহস ও দক্ষতার পরিচয় দিয়েছেন।