আবুলের দুই হাত এখন অনেকটাই কাজের উপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল বাজনদার
আবুল বাজনদার

বিরল রোগে আক্রান্ত খুলনার আবুল বাজনদারের অবস্থা সন্তোষজনক। তাঁর দুই হাতের তালু ও আঙুল ৯৫ শতাংশ দৃশ্যমান। দুই হাত এখন ৯৫ শতাংশ কাজের উপযুক্ত।
গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটের প্রধান অধ্যাপক মো. আবুল কালাম প্রথম আলোকে এ কথা বলেন।
অধ্যাপক কালাম বলেন, ‘আমরা তার (আবুল) হাত ও হাতের আঙুলগুলো স্বাভাবিক ও সুন্দর করার চেষ্টা করছি। পাঁচ-ছয় বছর সে হাত দিয়ে কিছু করতে পারত না, এখন করতে পারছে। এটা বড় ধরনের অগ্রগতি।’
আবুল বাজনদারের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। ১০ বছর আগে তাঁর হাত-পায়ের আঙুল অনেকটা শিকড়ের মতো জটের আকার ধারণ করে। তাঁকে গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। আবুল‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত বলে চিকিৎসকেরা শনাক্ত করেছেন। রোগটি ‘ট্রি ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রোম নামে পরিচিত। ২০ ফেব্রুয়ারি তাঁর প্রথম অস্ত্রোপচার হয়, ডান হাতে। এ পর্যন্ত হাত ও পায়ে ১৫টির বেশি অস্ত্রোপচার হয়েছে।
গতকাল এই প্রতিবেদককে দুই হাতের আঙুল দেখিয়ে আবুল বাজনদার বলেন, ‘আগের চেয়ে অনেক ভালো আছি। আশা করি পুরোপুরি সুস্থ হয়ে কাজ করতে পারব।’
দায়িত্বরত চিকিৎসক বললেন, প্রায় ১০ বছর আঙুলগুলো শক্ত অবস্থায় ছিল। এখন প্রতিদিন ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। আস্তে আস্তে নরম ও কাজের উপযোগী হয়ে উঠছে হাত ও আঙুল।
এ পর্যন্ত হাত ও পায়ের যেসব স্থান থেকে শেকড়ের মতো জটগুলো অস্ত্রোপচার করে ফেলে দেওয়া হয়েছে, সেসব স্থানে নতুন করে আবার তা দেখা দেয়নি। এটা ভালো লক্ষণ বলে চিকিৎসকেরা জানিয়েছেন।