আবুলের পর আরেক শিশু মেডিকেলে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাত-পায়ে ‘শিকড়ের’ মতো জট নিয়ে রিপন বাবু নামের একটি শিশু গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, সে ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত। রোগটি ‘ট্রি-ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রোম নামে পরিচিত।
বিরল রোগে আক্রান্ত রিপনের বয়স আট বছর, বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কেটগাঁও গ্রামে। সে কেটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটে গিয়ে দেখা যায়, রিপন তার মায়ের সঙ্গে বিছানায় শুয়ে-বসে গল্প করছে। তার হাত ও পায়ে শিকড়ের মতো জট। সে হাত-পা স্বাভাবিকভাবে নাড়ছে, মাঝেমধ্যে চুলকাচ্ছে। তার কান ও মাথায়ও এমন সমস্যা কিছুটা রয়েছে।
নিজের হাতে ভাত খেতে পারে না বলে জানায় রিপন। তার হাত-পায়ে ব্যথা করে। হাঁটতে কষ্ট হয়। তবে তার বিদ্যালয়ে যেতে খুব ইচ্ছে হয়। বিছানায় শুয়ে রিপন বলে, ‘স্কুলে যাই, বন্ধুরা বলে আমার সঙ্গে বসিও না। আমার কষ্ট লাগে। বন্ধুরা দৌড়াদৌড়ি করে খেলে, আমি পারি না। আমি কলম ধরে লিখতে পারি।’ তার এই শারীরিক অবস্থার কারণে শিক্ষকেরা তাকে বিদ্যালয়ে যেতে বারণ করেছে বলেও জানায় রিপন। মাস দুয়েক ধরে সে বিদ্যালয়ে যাচ্ছে না।
রিপনের বাবা মহেন্দ্র দাশ একজন চর্মকার। তাঁর দুই মেয়ে, এক ছেলে। বড় মেয়ে অষ্টম শ্রেণিতে ও ছোট মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। মহেন্দ্র বলেন, তাঁর দুই মেয়ের এই ধরনের কোনো সমস্যা নেই। তিনি বলেন, গতকাল সকালে হাসপাতালে আসার পর এখনো পরীক্ষা-নিরীক্ষা হয়নি। চিকিৎসকেরা বলেছেন, তাঁরা পরীক্ষা করে রিপনের বিষয়টি দেখবেন। এরপর চিকিৎসা হবে।
রিপনের শারীরিক সমস্যার শুরুর কথাগুলো জানান তার মা গোলাপী রানী। তিনি বলেন, জন্মের তিন চার-মাস পর থেকে তার হাত ও পায়ে শিকড়ের মতো আঁচিল গজাতে থাকে। আস্তে আস্তে তা বাড়তে থাকলে ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলেও সুচিকিৎসা হয়নি। কয়েক দিন আগে স্থানীয় পত্রিকায় রিপনকে নিয়ে সংবাদ প্রকাশিত হলে তা জেলা প্রশাসকের (ডিসি) নজরে আসে। পরে ডিসি ঢাকা মেডিকেলে যোগাযোগ করেন।
গোলাপী রানী বলেন, তাঁদের আর্থিক অবস্থা খারাপ। তাই ঢাকায় আসার টাকা জোগাড় করতেই সাত-আট দিন সময় লেগে গেছে।
খুলনার আবুল বাজনদার একই সমস্যা নিয়ে গত জানুয়ারিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন। তাঁর হাত-পায়ে ১৫টির বেশি অস্ত্রোপচার করে জটের মতো শিকড় অপসারণ করেন চিকিৎসকেরা। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
চিকিৎসকেরা রিপনের সুস্থ হওয়ার বিষয়ে বেশ আশাবাদী। বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, আবুলের ক্ষেত্রে হাত-পা বোঝা যাচ্ছিল না। কিন্তু রিপনের ক্ষেত্রে শিকড়ের মতো জটগুলো অতটা বৃদ্ধি পায়নি। হাত-পা বোঝা যাচ্ছে। তাই কম অস্ত্রোপচারের মধ্য দিয়ে সুচিকিৎসা করা যাবে। শিশুটির পরিবার হতদরিদ্র। আর শিশুটির পুষ্টির অভাব আছে। শারীরিক বৃদ্ধিও ঠিকভাবে হয়নি। অস্ত্রোপচারের আগে তাকে ভালো খাবার খাওয়াতে হবে। প্রয়োজনে রক্ত দেওয়া হবে।