
বিরল রোগে আক্রান্ত খুলনার আবুল বাজনদারের বাঁ হাতেও সফল অস্ত্রোপচার হয়েছে। তাঁর ডান হাতের অবস্থা অনেক ভালো।
গতকাল শনিবার অস্ত্রোপচার শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক মো. আবুল কালাম সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা আবুলের বাঁ হাতের আঙুলগুলো পৃথক করতে পেরেছি। অস্ত্রোপচারে আমাদের সময় আগের চেয়ে কম লেগেছে।’
গতকাল বেলা ১১টার দিকে অস্ত্রোপচার শুরু হয়ে ১টার দিকে শেষ হয়। আবুলের চিকিৎসায় গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ডের প্রায় সবাই অস্ত্রোপচারের সময় উপস্থিত ছিলেন। অস্ত্রোপচার শেষে বিশিষ্ট চর্মরোগ চিকিৎসক এম কিউ কবীর চৌধুরী সাংবাদিকদের বলেন, আবুলের ডান হাতের অস্ত্রোপচারের অভিজ্ঞতা ছিল নতুন। সেটি কাজে লাগিয়েছেন চিকিৎসকেরা। তাই সময় কম লেগেছে।
আবুল বাজনদার গত ৩০ জানুয়ারি হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন। তিনি ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত বলে চিকিৎসকেরা শনাক্ত করেছেন। রোগটি ‘ট্রি ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রোম নামে পরিচিত। তাঁর হাত-পায়ের আঙুল অনেকটা ‘শিকড়ের মতো জটে’র আকার ধারণ করেছে। ২০ ফেব্রুয়ারি চিকিৎসকেরা তাঁর ডান হাতে প্রথম অস্ত্রোপচার করেন। আবুল কোন ধরনের ভাইরাসে আক্রান্ত, তা জানা যায়নি।