আবুলের রক্ত ও টিস্যুর নমুনা আবার যুক্তরাষ্ট্রে পাঠাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরল রোগে আক্রান্ত খুলনার আবুল বাজনদারের রক্ত ও মুখের টিস্যুর প্রথম নমুনা থেকে কোনো ফল জানা যায়নি। নতুন করে যুক্তরাষ্ট্রে আবার নমুনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট।
গতকাল শনিবার এ বিষয়ে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন হোসাইন ইমাম প্রথম আলোকে বলেন, আবুল বাজনদার ও তাঁর মায়ের রক্ত ও মুখের টিস্যুর নমুনা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। কিন্তু রক্তের নমুনা যথাযথ ছিল না বলে যুক্তরাষ্ট্র থেকে আবার তা পাঠাতে বলা হয়েছে।
আবুল বাজনদারকে গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তিনি ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত বলে চিকিৎসকেরা শনাক্ত করেছেন। রোগটি ‘ট্রি ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রোম নামে পরিচিত। এতে তাঁর হাত-পায়ের আঙুল অনেকটা শিকড়ের মতো জটের আকার ধারণ করেছে। গত ২০ ফেব্রুয়ারি আবুলের ডান হাতে অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। আবুল কোন ধরনের ভাইরাসে আক্রান্ত, তা এখনো জানা যায়নি।
আবুল বাজনদার কোন ভাইরাসে আক্রান্ত, তা জানার জন্য ফেব্রুয়ারির মাঝামাঝি তাঁর রক্ত ও মুখের টিস্যুর নমুনা যুক্তরাষ্ট্রের নরিস কম্প্রেহেনসিভ ক্যানসার সেন্টারে পাঠানো হয়। ওই সেন্টারের চিকিৎসক মার্টিন কাস্ট ২০ বছর ধরে ট্রি ম্যান সিনড্রোম নিয়ে গবেষণা করছেন বলে ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা জানিয়েছেন। নমুনা পাঠানোর ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর্থিক ও কারিগির সহায়তা দিচ্ছে। রোগটি বংশগত কি না, তা জানার জন্য তখন আবুলের মায়ের রক্ত ও মুখের টিস্যুর নমুনাও পাঠানো হয়েছিল। এবার অবশ্য তাঁর বাবার রক্ত ও টিস্যুর নমুনা পাঠানো হবে।
যোগাযোগ করা হলে সরকারি মেডিকেল কলেজে বার্ন ইউনিটের সমন্বয়কারী সামন্ত লাল সেন বলেন, ‘রোগটি বংশগত কি না, তাও জানা দরকার বলে বাবার নমুনাও পাঠানো হবে। এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ হয়েছে।’
বার্ন ইউনিটের আবাসিক সার্জন হোসাইন ইমাম বলেন, ‘আবুলের বাবাকে ঢাকায় আনা, আবুলের সুস্থ থাকা না-থাকা—এসব কারণে নমুনা পাঠাতে কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করা যাচ্ছে, এ মাসের শেষ নাগাদ নমুনা পাঠানো সম্ভব হবে।’ তিনি আরও জানান, গত তিন মাসে আবুলের দুই হাতে পাঁচটি বড় অস্ত্রোপচার হয়েছে। প্রতি সপ্তাহে ড্রেসিং করা হচ্ছে। চিকিৎসকদের বড় সাফল্য হচ্ছে, শিকড়ের মতো বড় হওয়া জটগুলো অস্ত্রোপচার করে দুই হাতের ১০টি আঙুল বের করতে পেরেছেন।
অস্ত্রোপচার করা আঙুলগুলোতে আবার শিকড়ের মতো বৃদ্ধি হয় কি না, তা চিকিৎসকেরা পর্যবেক্ষণ করছেন। এই পর্যবেক্ষণ তাঁরা কমপক্ষে এক বছর ধরে করবেন। হোসাইন ইমাম বলেন, ‘আজই (শনিবার) এক দফা অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু আবুলের পুষ্টি পরিস্থিতি একটু দুর্বল হওয়ায় অস্ত্রোপচারের দিন পেছানো হয়েছে।’
জানতে চাইলে আবুল বাজনদার প্রথম আলোকে বলেন, ‘আমি ভালো আছি। আগের চেয়ে ভালো আছি। ডাক্তার সাহেবরা সপ্তাহে একবার হাতে ড্রেসিং করেন।’ তিনি জানালেন, হাসপাতাল তাঁর সব খরচ বহন করছে। একজন ব্যবসায়ী মাসে পাঁচ হাজার টাকা দিচ্ছেন। অস্ট্রেলিয়াপ্রবাসী সাংবাদিক ফজলুল বারী খাবার গরম করার জন্য ওভেন ও একটি টেলিভিশন কিনে দিয়েছেন।
আবুলের মতো উপসর্গ নিয়ে রংপুরের একই পরিবারের তিন সদস্য গত ৯ মার্চ ঢাকা মেডিকেলে ভর্তি হন। তাঁরাও এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিসে আক্রান্ত বলে চিকিৎসকেরা নিশ্চিত হয়েছিলেন। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার আগেই তাঁরা হাসপাতাল থেকে পালিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানিয়েছেন, আবুলের মতো রংপুরের ওই তিন সদস্যকেও অনেক দিন হাসপাতালে থাকতে হতে পারে—এই আশঙ্কায় তাঁরা হাসপাতাল থেকে পালিয়েছেন।